শিক্ষক-ব্যবসায়ীসহ পাঁচজন খুন
চুয়াডাঙ্গা শহরে গত মঙ্গলবার রাতে এক শিক্ষক খুন হয়েছেন। শহরে দুর্বৃত্তদের হামলায় আহত আরেক ব্যবসায়ী একই দিন মারা যান। এ ছাড়া মঙ্গলবার রাতে যশোর শহরে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও সাতক্ষীরায় এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
চুয়াডাঙ্গায় নিহত ব্যক্তিরা হলেন শহরের ফার্মপাড়ার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবু বকর সিদ্দিক (৮০) ও হক পাড়ার বাসিন্দা ভাঙারি ব্যবসায়ী আবদুল হান্নান (৩২)। যশোরে নিহত যুবলীগের কর্মী হলেন শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার মানিক হোসেন (৩০)। সাতক্ষীরায় নিহত নারী হলেন কলারোয়া পৌর এলাকার তুলসীডাঙ্গা গ্রামের সুফিয়া খাতুন (৪৫)।
পাবনার ফরিদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ওরফে লিটনকে (৪২) গতকাল বুধবার সন্ধ্যায় কন্যার সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর বাড়ি উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাভার গ্রামে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: আবু বকর সিদ্দিককে মঙ্গলবার রাতে গলা কেটে হত্যা করা হয়। আর গত সোমবার রাতে দুর্বৃত্তের হামলায় আহত আবদুল হান্নানকে মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গতকাল বুধবার সকালে আবু বকরের বাড়িতে গিয়ে স্বজনদের ভিড় দেখা যায়। যে কক্ষটিতে আবু বকর খুন হয়েছেন, সেই কক্ষের মেঝে ও সোফায় রক্তের ছোপ ছোপ দাগ। মেঝেতে পড়ে আছে রক্তমাখা লুঙ্গি, স্যান্ডেল, চাদর ও ছোট একটি বটি। আবু বকরের স্ত্রী হালিমা খাতুন বলেন, মঙ্গলবার দিবাগত রাতে স্বামীর সঙ্গে তিনি ঘুমিয়ে ছিলেন। মাঝরাতে শোবার ঘরে স্বামীকে না পেয়ে পাশের কক্ষে গিয়ে তাঁকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর ছেলে ও ছেলের বউকে ডাকেন তিনি। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবু বকরের ছেলে হাবিবুল্লাহ বাদল ও মেয়ে আয়েশা খাতুন বলেন, বয়সজনিত কারণে আবু বকর সম্প্রতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তাঁদের ধারণা, তিনি নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন। সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ওয়ালিউর রহমান বলেন, গলা কাটার ধরন ও গভীর ক্ষত দেখে মনে হচ্ছে, কারও পক্ষে নিজের গলা এভাবে কাটা সম্ভব নয়। এদিকে চুয়াডাঙ্গা শহরের হক পাড়ার ব্যবসায়ী আবদুল হান্নানকে সোমবার রাতে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আরামপাড়া আবাসিক এলাকায় তাঁকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায় তারা। পরে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, লাশ দুটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় তদন্ত চলছে।
পাবনা: প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যা সোয়া সাতটার দিকে সাইফুল ইসলাম স্থানীয় বাজারের একটি কোচিং সেন্টার থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কন্যা বৈশাখীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে নামতে বলে। তিনি মোটরসাইকেল থামিয়ে দাঁড়ানো মাত্রই দুর্বৃত্তরা তাঁকে কন্যা বৈশাখীর সামনেই এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় বৈশাখী চিৎকার-চেঁচামেচি শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
যশোর: মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের কর্মী মানিক হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় মানিকের সঙ্গে থাকা আরও তিনজনকে কুপিয়ে জখম করা হয়। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিক শহরের কাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন কাজীপাড়া এলাকার রিপন হোসেন, জাহাঙ্গীর হোসেন ও সাতক্ষীরা সদরের রায়হান হোসেন। রায়হান যশোরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাতেই পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রিপন হোসেন সাংবাদিকদের বলেন, রাতে তাঁরা চারজন বাসস্ট্যান্ড এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় সাত-আটজন দুর্বৃত্ত অস্ত্রসহ সেখানে গিয়ে মানিককে ছুরি মারে। ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাঁদের তিনজনকেও ছুরি মেরে জখম করে।
সাতক্ষীরা: নিহত সুফিয়া খাতুন কলারোয়ার তুলসীডাঙ্গা গ্রামের আক্কাস আলীর স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা সদরের খাদ্যগুদামের পাশের একটি চায়ের দোকানে মুঠোফোনে চার্জ দিয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন সুফিয়া খাতুন। পথে কে বা কারা তাঁর গলা কেটে পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কলারোয়া থানার ওসি আবু সালেহ মো. মাসুদ করিম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।