শিক্ষক-শিক্ষক ঘুষাঘুষি!
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের দুজন শিক্ষকের সঙ্গে অধ্যক্ষের ঘুষাঘুষির ঘটনা ঘটেছে। বেতন বন্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার উপজেলার চড়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।
কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা জানান, কলেজের কাজে উপজেলা সদরে যাওয়ার পথে তিনি সকালে চড়ারহাট বাজারের একটি দোকানে বসেছিলেন। এ সময় কলেজের সাময়িক বরখাস্তকৃত মনোবিজ্ঞান বিষয়ের শিক্ষক এমদাদুল হক ও জীববিজ্ঞান বিষয়ের শিক্ষিকা আঞ্জুয়ারা বেগম তাঁর কাছে দীর্ঘদিন বেতন বন্ধ থাকার কৈফিয়ত দাবি করেন। কথার একপর্যায়ে এমদাদুল হক তাঁকে (অধ্যক্ষ) কিলঘুষি মারতে থাকেন। অঞ্জুয়ারা নিজের পায়ের জুতা খুলে তাঁকে মারতে উদ্যত হন। এ সময় তিনিও ওই দুই শিক্ষককে কয়েকটি ঘুষি মারেন।
এমদাদুল হক অভিযোগ করে বলেন, অধ্যক্ষ অবৈধভাবে কয়েকজন অনুপস্থিত শিক্ষক-কর্মচারীকে বেতন দিতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত মে মাস থেকে কলেজের বেতন বন্ধ করে দেন। এতে শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। বাধ্য হয়ে শিক্ষকেরা পাঠদান বন্ধ করে দিয়েছেন। গতকাল সকালে বেতনের বিষয়ে অধ্যক্ষের সঙ্গে বাজারে কথা বলতে গেলে তিনি জ্যেষ্ঠ প্রভাষক আঞ্জুয়ারাকে গালাগাল করেন। একপর্যায়ে অধ্যক্ষ ঘুষি মেরে আঞ্জুয়ারার নাক ফাটিয়ে দেন। বাধ্য হয়ে তাঁরাও অধ্যক্ষকে কিলঘুষি মারেন।
ইউএনও মো. ফরহাদ হোসেন জানান, অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের স্বার্থের দ্বন্দ্বে কলেজে একধরনের অরাজকতা চলছে। কলেজে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য অধ্যক্ষকে বারবার তাগিদ দিলেও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় আঞ্জুয়ারা অধ্যক্ষ গোলাম মোস্তফার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।