শিক্ষক-শিক্ষার্থী ও ক্লাস নিশ্চিত করতে না পারলে কলেজ বন্ধ: শিক্ষামন্ত্রী
কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। ক্লাস নিশ্চিত করতে হবে। না হয় এসব কলেজ দিয়ে কী হবে? বন্ধ করে দেওয়া হবে ওই সব কলেজ।
রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) গতকাল শনিবার কলেজ অধ্যক্ষদের জন্য আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ‘কলেজ নিয়ে আমার ভাবনা’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রায় ৩০০ সরকারি কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
কর্মশালায় নিজের এক কলেজ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরা কোচিংয়ে চলে যায়। শিক্ষকেরা চলে যান।
মন্ত্রী আরও বলেন, প্রতিটি কলেজে শিক্ষাপঞ্জি থাকতে হবে। ওই শিক্ষাপঞ্জিতে কোন দিন কার ক্লাস, কার ছুটি, সেটার উল্লেখ থাকতে হবে। এগুলো না থাকলে দায়িত্ব না নেওয়াই ভালো।
নায়েমের মহাপরিচালক ইফফাত আরা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।