শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা
দিনাজপুরে পার্বতীপুর ডিগ্রি কলেজ সরকারীকরণে প্রজ্ঞাপন জারি উপলক্ষে গতকাল রোববার এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কলেজের অধ্যক্ষ গোলাম রসুল জানান, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি করে কলেজকে জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করে। সে ধারাবাহিকতায় দেশের ৩২৫টি কলেজের সম্ভাব্যতা যাচাই করা হয়। এর মধ্যে ১৯৯টি কলেজকে গত ৩০ জুন সরকারীকরণে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের এ কার্যক্রমের মধ্যে পার্বতীপুর ডিগ্রি কলেজ অন্তর্ভুক্ত হয়েছে। প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা গতকাল শোভাযাত্রা বের করেন। সরকারের এ পদক্ষেপের প্রশংসা করেন তাঁরা।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এর মাধ্যমে এ অঞ্চলে দ্রুতগতিতে শিক্ষার প্রসার ঘটবে।’