শিক্ষক-শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা অর্জন করতে হবে। এ জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের আরও বেশি মনোযোগী হতে হবে।
গতকাল রোববার সকালে সিলেট নগরের শাহজালাল উপশহর একাডেমি পরিদর্শন উপলক্ষে আয়োজিত শিক্ষক ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার মতো একটি কঠিন কাজ করতে সক্ষম হচ্ছি। প্রতিবছর এ পরীক্ষা দিতে হয়। এতে উত্তীর্ণ হচ্ছি বলে সরকারের অন্যতম একটি সফলতা হিসেবে গণ্য হচ্ছে।’ তিনি বলেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থায় সংস্কারের মাধ্যমে আধুনিক শিক্ষার বিস্তার ঘটিয়েছে।
শাহজালাল উপশহর একাডেমির পরিচালনা কমিটির সভাপতি আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান।