শিক্ষক-শ্রেণিকক্ষ সংকট, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকটের কারণে চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে।
পটিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণি থেকে ডিগ্রি পর্যন্ত পাঠদান করা হয়। এ ছাড়া সাতটি বিষয়ে অনার্স (সম্মান) কোর্স চালু আছে। কলেজে শিক্ষার্থীর সংখ্যা সাত হাজার। শিক্ষকের পদ ৫০টি হলেও আছেন ৩৫ জন।
কলেজ সূত্র জানায়, ২০ বছর ধরে গ্রন্থাগারিক, ১৫ বছর ধরে শরীরচর্চা শিক্ষক ও ১০ বছর ধরে বিজ্ঞান বিভাগের চারটি প্রদর্শকের পদ শূন্য। দুই বছর আগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয় চালু হলেও এখনো পর্যন্ত শিক্ষকের পদ সৃষ্টি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সম্মান তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, শিক্ষকসংকটের কারণে নিয়মিত ক্লাস হয় না। এতে তাঁদের প্রাইভেটনির্ভর হতে হয়েছে।
এদিকে শ্রেণিকক্ষের সংকটের কারণে কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে।
কলেজের দোতলা একটি প্রশাসনিক ভবন এবং দুটি তিনতলা একাডেমিক ভবন আছে।
হিসাববিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল হক বলেন, শ্রেণিকক্ষের অভাবে আগে প্রথম বর্ষের ক্লাস চলাকালে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অপেক্ষা করতে হতো। এখন নতুন রুটিনে যেদিন প্রথম বর্ষের ক্লাস হয়, সেদিন দ্বিতীয় বর্ষের ক্লাস রাখা হয়নি।
পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, কলেজে বিজ্ঞানাগার দরকার ১২টি। কিন্তু কক্ষের সংকটের কারণে আছে মাত্র চারটি।
কলেজের অধ্যক্ষ মো. এ কে ফজলুল হক বলেন, শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষকদের ওপর চাপ বেড়েছে। তিনি বলেন, ২০টি শ্রেণিকক্ষবিশিষ্ট আরও একটি একাডেমিক ভবন নির্মাণ ও শিক্ষকের শূন্যপদগুলো পূরণ করা হলে সংকট অনেকটা দূর হবে।