কক্সবাজারে জেলা প্রশাসনের সভায় শিক্ষকেরা
শিক্ষক-সংকট ও সুযোগ-সুবিধার অভাবে বিজ্ঞানে শিক্ষার্থী কমছে
শিক্ষক–সংকট ও সুযোগ-সুবিধার অভাবে কক্সবাজারে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী কমে যাচ্ছে। তা ছাড়া বিজ্ঞান শিক্ষা ব্যয়বহুল হওয়ায় গ্রামের অভিভাবকেরা ছেলেমেয়েদের বিজ্ঞান পড়াতে চান না।
কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে গত সোমবার সকালে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা এসব কথা তুলে ধরেন। ‘কক্সবাজারে শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ব্যবহার, মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান ও এসএসসি-২০১৬ পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ’ শীর্ষক এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় কক্সবাজার সদর, রামু, উখিয়া ও পেকুয়া উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও।
জেলা প্রশাসক বলেন, ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় জেলায় পাসের হার ছিল ৮২ দশমিক ৭৭ শতাংশ। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৪৪ শতাংশ। পাসের হার বাড়ার সঙ্গে শিক্ষার মূল্যায়নও বাড়াতে হবে। তিনি উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কমে যাওয়া এবং শহরের কয়েকটি বিদ্যালয়ের ফলাফল ভালো না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন বলেন, ভালো ফলাফল একজন শিক্ষার্থীকে অনেক দূরে নিয়ে যায়। সে ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ইংরেজি ও গণিত বিষয়ের পাশাপাশি অন্য বিষয়ে জিপিএ-৫ পাওয়ার। ইংরেজি ও গণিতের মতো গুরুত্ব দিতে হবে সব বিষয়কে।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাছির উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষকস্বল্পতা সত্ত্বেও আমরা আন্তরিকতা দিয়ে শিক্ষার্থীদের পড়ানোর চেষ্টা করি। দুর্বল শিক্ষার্থীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখি। এ কারণে ফলাফলও ভালো হচ্ছে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মো. আবদুর রহমান বলেন, পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রধান শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার মূল্যায়নে প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম ও ল্যাব চালু আছে কি না দেখতে হবে। প্রয়োজনে শিক্ষকদের প্রশিক্ষণ ও মডেল টেস্ট নিতে হবে। আইসিটির ব্যবহার ও বিজ্ঞানে শিক্ষার্থী বাড়তে হবে।