নেত্রকোনার মদন উপজেলার সরকারি হাজি আবদুল আজিজ খান ডিগ্রি কলেজে শিক্ষক–সংকট কাটছে না। বাংলা ও ইংরেজি বিষয়ে একজন করে শিক্ষক থাকলেও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং প্রাণিবিদ্যা বিষয়ে কোনো শিক্ষক নেই। ফলে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মক ব্যাহত হচ্ছে।
কলেজটিতে বর্তমানে ২ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে একাদশে আছে ৫৫০ ও দ্বাদশ শ্রেণিতে ৫৬৩ জন শিক্ষার্থী। একাদশ, দ্বাদশ ও স্নাতকে বাংলা ও ইংরেজি বিষয় সবার জন্য বাধ্যতামূলক। কিন্তু ওই দুই বিষয়ে শিক্ষক আছেন মাত্র একজন করে। বিপুল পরিমাণ শিক্ষার্থীদের পাঠদান করতে তাঁদের হিমশিম খেতে হয়।
কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে শুরু থেকেই কোনো শিক্ষক নেই। বাংলা ও ইংরেজি বিষয়ে মাত্র একজন করে শিক্ষক আছেন। আরও কয়েকটি পদে শিক্ষক নেই। শিক্ষক-সংকট নিয়ে প্রতি মাসে দুবার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) লিখিতভাবে প্রতিবেদন পাঠানো হচ্ছে। সর্বশেষ গত সোমবার প্রতিবেদন পাঠিয়েছি। গত মাসের শেষ দিকে সরাসরি মহাপরিচালকের সঙ্গে দেখা করে বিষয়টি জানানো হয়েছে। এরপরও প্রতিকার মিলছে না। শিক্ষক–সংকটের কারণে পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। ভালো অতিথি শিক্ষকও পাওয়া যাচ্ছে না।’
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০১৩ সালে জাতীয়করণ হয়। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে স্নাতক কোর্স চালু হয়। অধ্যক্ষ ছাড়া এখানে অনুমোদিত শিক্ষকের পদ আছে ১৬টি। এর মধ্যে প্রাণিবিদ্যা, অর্থনীতি ও যুক্তিবিদ্যায় একজন করে প্রভাষকের পদ শূন্য।
অর্থাৎ শিক্ষক কর্মরত আছেন ১৩ জন। এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে কোনো শিক্ষক নেই। কলেজে বিষয়টির জন্য কোনো পদও নেই। অথচ শিক্ষার্থীদের জন্য বিষয়টি নেওয়া বাধ্যতামূলক।
দ্বাদশ শ্রেণির আবদুল বারি, সাথি আক্তার, আইনুল ইসলাম, তরিকুল ইসলামসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, ভর্তি হওয়ার পর থেকে হাতে গোনা কয়েক দিন একজন অতিথি শিক্ষক তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্লাস নিয়েছিলেন।
কলেজ সূত্রটি আরও জানায়, কলেজে স্নাতক পর্যায়ে ৯টি বিষয় আছে, উচ্চমাধ্যমিকে ১৫টি। এনাম শিক্ষা কমিশনের নিয়ম অনুযায়ী, স্নাতকে প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক পর্যন্ত বিভিন্ন পদে ৩৬ জন শিক্ষক থাকা প্রয়োজন। সব মিলিয়ে অন্তত ৫১ জন শিক্ষকের প্রয়োজন এ কলেজে।
নাম প্রকাশ না করার শর্তে দ্বাদশ শ্রেণির একাধিক শিক্ষার্থী বলেন, শিক্ষক–সংকটে প্রাণিবিদ্যা, ইংরেজি, বাংলাসহ কয়েকটি বিষয়ে নিয়মিত ক্লাস কম হয়েছে। তাই বাইরে প্রাইভেট পড়তে হচ্ছে তাঁদের।
ইংরেজি বিষয়ের প্রভাষক আজিজুল হক বলেন, বিষয় দুটি সবার জন্য বাধ্যতামূলক হওয়ায় আলাদা আলাদা করে ক্লাস নেওয়া হয়। সবাইকে একসঙ্গে বসানোর সুযোগও নেই। এতে অনেক ক্লাস নিতে হয় বলে হিমশিম খেতে হয় তাঁদের।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এস এম ওহেদুজ্জামানের মুঠোফোনে গত শনিবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।