শিক্ষক-স্বল্পতার কারণে বরগুনা সরকারি কলেজে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, যথাযথভাবে পাঠদানের অভাবে ভালো প্রস্তুতি ছাড়াই তাঁদের পরীক্ষায় বসতে হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ বলছে, উপকূলীয় এ জেলায় যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় এবং কলেজের নিজস্ব আবাসনের ব্যবস্থা না থাকায় শিক্ষকেরা এখানে থাকতে চান না।
কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, বরগুনা সরকারি কলেজে বিভাগ রয়েছে ১১টি। এসব বিভাগে উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও ডিগ্রি (পাস কোর্স) পড়ানো হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। এর বিপরীতে শিক্ষকের পদই রয়েছে মাত্র ৪৯টি। বর্তমানে কর্মরত আছেন ৩২ জন।
কলেজের উপাধ্যক্ষ আবদুস সালাম বলেন, উপকূলের জেলা হওয়ায় এবং যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় বরগুনায় কোনো শিক্ষক আসতে চান না। যাঁরা আসেন, তাঁরাও এখানে থাকতে চান না, তদবির করে বদলি নিয়ে অন্যত্র চলে যান। এতে শিক্ষক-সংকট প্রতিনিয়ত লেগেই থাকে এ কলেজে।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পদই আছে চারটি। এর মধ্যে সহযোগী অধ্যাপক ও প্রভাষকের একটি করে পদ শূন্য। অথচ এ বিভাগে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও উচ্চমাধ্যমিক মিলিয়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থী রয়েছেন। বিভাগীয় প্রধান আহসান হাবিব বলেন, মাত্র দুজন শিক্ষক দিয়ে এতসংখ্যক শিক্ষার্থীর পাঠদান করানো খুবই কঠিন। বিভাগের শূন্যপদগুলো পূরণের পাশাপাশি আরও সাতটি পদ সৃষ্টি করা জরুরি বলে মনে করেন তিনি।
দর্শন বিভাগের চারজন শিক্ষকের মধ্যে আছেন দুজন। এ বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০০। বিভাগীয় প্রধান মো. মতিউর রহমান বলেন, এখানে দুজন প্রভাষকের পদ শূন্য। দুজন শিক্ষক দিয়ে পাঠদান করাতে ভোগান্তির শেষ নেই।
একই অবস্থা বাংলা ও অর্থনীতি বিভাগের। এ বিভাগ দুটিতে শিক্ষকের চারটি করে পদ থাকলেও দুটি করে পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও উচ্চমাধ্যমিক মিলিয়ে বিভাগ দুটিতে যথাক্রমে ১ হাজার ২০০ জন ও ৩৫০ জন শিক্ষার্থী রয়েছেন।
এ ছাড়া কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইতিহাস বিভাগে দুটি করে এবং ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিদ্যা ও তথ্যপ্রযুক্তি বিভাগে একটি করে শিক্ষকের পদ খালি। সব মিলিয়ে কলেজে বর্তমানে শিক্ষকের ১৭টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। কলেজে ভালো মানের পাঠদান নিশ্চিত করতে হলে এগুলো পূরণের পাশাপাশি শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে বিভিন্ন বিভাগে নতুন করে পদ সৃষ্টি করা দরকার বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসব বিভাগের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের প্রতিদিন ক্লাস হয় না, সপ্তাহে তিন-চার দিন ক্লাস হয়। আবার ক্লাসে সব বিষয় পড়ানো হয় না। ফলে ভালো প্রস্তুতি ছাড়াই তাঁদের পরীক্ষায় বসতে হয়। এতে পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ে।
আরেক সমস্যার নাম আবাসন
কলেজের বেশ কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ কলেজে শিক্ষকদের জন্য নিজস্ব কোনো আবাসিক ব্যবস্থা নেই। তা ছাড়া দূরবর্তী অঞ্চলের কোনো শিক্ষক যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ার কারণে এখানে এসে থাকতে চান না। তাঁরা এখানে বদলি হয়ে আসাটাকে শাস্তিমূলক বলে মনে করেন। এ কলেজে শিক্ষক ধরে রাখতে হলে কলেজের নিজস্ব আবাসিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা শূন্যপদ পূরণ ও নতুন পদ সৃষ্টির জন্য তদবির করছি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কার্যালয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে।’