
মুন্সিগঞ্জে সদর উপজেলায় গতকাল সোমবার ‘প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং মানোন্নয়নে স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। এতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা অংশ নেন।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের সভাকক্ষে বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ওই সভা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সার্বিক সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজন করে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ আয়োজনে সহযোগিতা করে।
মতবিনিময় সভায় প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনার কমিটির সভাপতিরা বিদ্যালয়ের সীমানাপ্রাচীর না থাকা, শিক্ষক-সংকট, প্রাক্-প্রাথমিকে শ্রেণিকক্ষ ও শিক্ষক নিশ্চিত করা, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সভাপতি নির্বাচনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত করা, চরাঞ্চলের স্কুলগুলোতে যোগাযোগব্যবস্থা অনুন্নতসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) হারুন অর রশিদ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া জাহান, টিআইবির জ্যেষ্ঠ অনুষ্ঠান কর্মকর্তা ফজিলা খানম।
সনাকের সদস্য আলী আকবর মিলন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাছলিমা বেগম, সনাক সদস্য খালেদা খানম, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ প্রমুখ। সভায় ২৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি অংশ নেন।