শিক্ষক-সংকট প্রকট, অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব হাজী আসমত কলেজে শিক্ষকের তীব্র সংকট চলছে। দীর্ঘদিন ধরে চার বিভাগ চলছে একজন করে শিক্ষক দিয়ে। এসব বিভাগের শূন্যপদ পূরণ করা হয় না দীর্ঘদিন ধরে। এ কারণে বিশেষ করে স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানে অচলাবস্থা দেখা দিয়েছে।

হাজী আসমত কলেজটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠা করা হয়। কলেজ ক্যাম্পাসের আয়তন ৪২ একর। কলেজটি যখন প্রতিষ্ঠা হয়, তখন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ ছাড়া কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী লাগোয়া তিন জেলায় আর কোনো কলেজ ছিল না। তবে এত দিনেও কলেজটির অবকাঠামোগত উন্নয়ন খুব একটা হয়নি। নেই ছাত্রাবাসের সুবিধাও।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কলেজটিতে ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, গণিত ও প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) কোর্সসহ কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার। এর মধ্যে স্নাতকে (সম্মান) শিক্ষার্থী আছেন ১ হাজার ৭১১ জন। বিধি অনুযায়ী, শুধু স্নাতকের (সম্মান) জন্য প্রতি বিভাগে ৫ থেকে ৭ জন করে শিক্ষক থাকার কথা। কিন্তু নতুন করে কোনো পদ সৃষ্টি করা হয়নি। তার ওপর ২০১২ সালের ৬ জুলাই ইংরেজি বিভাগের প্রধান আবদুল কাদের আহমেদ অবসরে যান। এখনো পদটি শূন্যই আছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির শিক্ষক মকুল চন্দ্র সাহা মারা যান ২০১২ সালের ২৭ নভেম্বর। শূন্য হওয়া পদটি এখনো পূরণ হয়নি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শামসুজ্জামান অবসরে যান ২০১২ সালের ৯ জুন। পদটি এখনো পূরণ হয়নি। অর্থনীতি বিভাগের প্রধান নুরুল আমিন ২০১৪ সালের ১ মে মারা যান। এই পদও শূন্য আছে। বর্তমানে এই চারটি বিভাগ সামাল দেওয়া হচ্ছে একজন করে শিক্ষক দিয়ে। সবচেয়ে বড় সমস্যা কলেজটির অধ্যক্ষ পদ ভারপ্রাপ্তনির্ভর হয়ে পড়া। ১৯৯৮ সালে মুয়াজ্জম হোসাইন মারা যাওয়ার পর অধ্যাপক আতাউর রহমান, রবীন্দ্রনাথ পাল, আ. বাসেত, আবু হানিফ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এ কে মোবারক আলী দায়িত্ব পালন করছেন। মাঝে শুধু দুই বছরের জন্য আবদুর রশিদ মিঞা অধ্যক্ষের দায়িত্ব পালন করে গেছেন। দেড় যুগ ধরে শূন্য হয়ে আছে উপাধ্যক্ষ পদটিও।

গত শনিবার কলেজটিতে গিয়ে দেখা যায়, স্নাতক (সম্মান) শাখার কয়েকটি বিভাগের নির্বাচনী ও ইনকোর্স পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা বলেন, সারা বছরে স্নাতকের (সম্মান) প্রতি বিষয়ে ১০-১২টি ক্লাস হয়েছে। কলেজ থেকে জানানো হয়, শিক্ষক না থাকার কারণে ক্লাস নেওয়া সম্ভব হয়ে ওঠে না। শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দেওয়ার জন্য বলা হয়। এ জন্য তাঁদের পরীক্ষার প্রস্তুতি ভালো নয়। তা ছাড়া নানা সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে কলেজে না আসার কারণে ইনকোর্স পরীক্ষার তারিখ ও সময় সম্পর্কে কারও জানা থাকে না। শিক্ষকেরা ফোন করে পরীক্ষার কথা জানিয়ে দেন।

ইংরেজি বিভাগের শিক্ষক তপন কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, একসঙ্গে চারটি ক্লাস চললে তখন তো আর একজন শিক্ষক দিয়ে চার ক্লাস সামাল দেওয়া সম্ভব নয়। আর ক্লাস না হলে জানা ও বোঝার ঘাটতি হওয়াটাই স্বাভাবিক।

গণিতের শিক্ষক সেলিম মিয়া বলেন, গড়ে একজন শিক্ষকের প্রতি শিফটে ১২টি করে ক্লাস থাকে। তখন ইচ্ছা থাকলেও ক্লাস চালিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে মোবারক আলী বলেন, ‘স্নাতক (সম্মান) বিভাগ চালু রাখতে হচ্ছে জোড়াতালি দিয়ে। শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে একাধিকবার আবেদন করেও সাড়া পাচ্ছি না। কলেজটি সরকারীকরণ হলে সব সমস্যার সমাধান হয়ে যেত।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার বলেন, ‘ভৈরবে আমি সদ্য যোগ দিয়েছি। তবে ওই শূন্যপদ পূরণের ব্যাপারে উদ্যোগী হব।’