নেত্রকোনা সরকারি কলেজে বিভিন্ন বিভাগে শিক্ষক-সংকট কাটছে না। এর মধ্যে ইংরেজি বিভাগে বিভাগীয় প্রধান ছাড়া আর কোনো শিক্ষকই নেই। এ কারণে প্রায় এক মাস ধরে ইংরেজি বিষয়ের ছয় হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শিক্ষক-সংকট নিয়ে প্রতি মাসে দুবার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) লিখিতভাবে প্রতিবেদন পাঠানো হয়। ৫ জানুয়ারিও ইংরেজি বিষয়ে শূন্য পদে শিক্ষক পদায়নের জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে। ৭ জানুয়ারি মাউশির পরিচালক ও মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে শূন্য পদের কথা বলা হয়েছে। এরপরও প্রতিকার মিলছে না। শিক্ষক সংকটের কারণে পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। ইংরেজি বিষয়ে ভালো অতিথি শিক্ষকও পাওয়া যাচ্ছে না।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত কলেজটি ১৯৮১ সালে জাতীয়করণ হয়। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১৩ হাজার। অনুমোদিত শিক্ষকের পদ ৬৪টি। এর মধ্যে ১৪টি পদ শূন্য। শূন্য পদগুলো হলো ইংরেজিতে একজন সহকারী অধ্যাপক ও দুজন প্রভাষক, বাংলায় একজন অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানে একজন অধ্যাপক ও একজন প্রভাষক, অর্থনীতিতে একজন প্রভাষক, দর্শনে দুজন প্রভাষক, পদার্থবিজ্ঞানের একজন প্রভাষক, রসায়নে দুজন প্রভাষক, প্রাণিবিদ্যায় একজন প্রভাষক এবং হিসাববিজ্ঞান বিভাগে একজন প্রভাষক। এ ছাড়া উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, পদার্থ ও রসায়নবিজ্ঞান—এ চারটি বিভাগের প্রতিটিতেই প্রদর্শকের পদ শূন্য রয়েছে এক থেকে দুই বছর ধরে।
সংশ্লিষ্ট বিভাগ সূত্র জানায়, কলেজটিতে ইংরেজি বিভাগে একমাত্র শিক্ষক হিসেবে কর্মরত আছেন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সুপর্ণা দে। গত বছরের ৭ নভেম্বর তিনি যোগদান করার পর থেকে কলেজে তাঁর দেখা তেমন মেলেনি। বেশির ভাগ সময় তিনি ঢাকা ও ময়মনসিংহে থাকেন। কলেজটিতে উচ্চমাধ্যমিক, বিএ (পাস) ও সম্মান দ্বিতীয় বর্ষে সবার জন্য ইংরেজি বাধ্যতামূলক। ইংরেজি বিষয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৯৩২।
এ বিষয়ে কথা বলার জন্য ইংরেজি বিভাগের প্রধান সুপর্ণা দের মুঠোফোনে গতকাল শুক্রবার রাত পৌনে ১০টায় যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
কলেজের সূত্র আরও জানায়, নিয়ম অনুযায়ী, (স্নাতক) সম্মান শ্রেণির প্রতিটি বিভাগে সাতজন এবং স্নাতকোত্তর শ্রেণির প্রতিটি বিভাগে ১২ জন করে শিক্ষক থাকার কথা। সে অনুযায়ী, কলেজটিতে প্রভাষক থেকে শুরু করে অধ্যাপক পর্যন্ত বিভিন্ন পদে ১৪৮ জন শিক্ষক আবশ্যক। কিন্তু বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাড়া কোনো বিভাগেই সাতটি পদ সৃষ্টি করা যায়নি। স্নাতকোত্তর শ্রেণির কোনো বিভাগেও এখন পর্যন্ত ১২টি পদ সৃষ্টি করা হয়নি।
একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ নিরব বলে, ‘ইংরেজি ক্লাস না হওয়ায় আমাদের বাইরে প্রাইভেট পড়তে হচ্ছে।’
ইংরেজি সম্মান তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘কলেজে নিয়মিত ক্লাস না হওয়ায় আমাদের অসুবিধা হচ্ছে।’