নেত্রকোনার দুর্গাপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক-সংকট প্রকট আকার ধারণ করেছে। ইংরেজি, গণিত, রসায়ন ও জীববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক নেই। সব মিলিয়ে শিক্ষকের ১০টি পদ শূন্য। এতে এখানে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রায় দুই বছর ধরে এখানে ইংরেজি বিষয়ের পাঠদান হয় না।
নাম প্রকাশ না করার শর্তে সপ্তম শ্রেণির পাঁচজন, অষ্টম শ্রেণির ছয়জন, দশম শ্রেণির চারজনসহ অন্তত ২০ জন শিক্ষার্থী বলে, শিক্ষক-সংকটে ইংরেজি, গণিত, জীববিজ্ঞানসহ কয়েকটি বিষয়ে তাদের কোনো ক্লাস হয় না। প্রতিদিন ছয়টি শ্রেণির গড়ে আটটি বিষয়ের ক্লাস হওয়ার কথা থাকলেও দুই থেকে তিনটি বিষয়ে ক্লাস হয়। তাই প্রাইভেট পড়তে হচ্ছে তাদের।
অভিভাবক নির্মলেন্দু সরকার বলেন, ‘সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি। আমার মতো প্রায় সবারই একই অবস্থা। গুরুত্বপূর্ণ বিষয়গুলোরই শিক্ষক নেই। এ ছাড়া খণ্ডকালীন শিক্ষকও নেই। বাধ্য হয়ে আমরা বাইরে প্রাইভেট, কোচিংয়ে দিচ্ছি। এতে ব্যয় বাড়ছে।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, বিদ্যালয়ে ১৭টি পদের মধ্যে প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিষয়ের ১০টি পদ শূন্য রয়েছে। টাকার অভাবে ভালো অতিথি শিক্ষকও নেওয়া যাচ্ছে না। বিষয়টি ইতিমধ্যে লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৮৫ সালে জাতীয়করণ হয়। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অনুমোদিত শিক্ষকের পদ ১৭টি। এর মধ্যে ইংরেজিতে দুটি, গণিতে দুটি, বাংলায় একটি, জীববিজ্ঞানে একটি, শারীরিক শিক্ষায় একটি, গার্হস্থ্য অর্থনীতিতে একটি, হিন্দু ধর্মে একটি ও প্রধান শিক্ষকের পদ শূন্য। তিন মাস থেকে পাঁচ বছর ধরে পদগুলো শূন্য। গত মে মাস থেকে সামাজিক বিজ্ঞানের এক শিক্ষক বিএড প্রশিক্ষণে আছেন। এখানে শিক্ষার্থী ২৯৮ জন।
একাধিক অভিভাবকের সঙ্গে বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক না থাকায় তাঁরা হতাশ। ইংরেজি, গণিত, বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় পাঠদান হচ্ছে না। এ সমস্যা দূর করার জন্য তাঁরা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।
বর্তমানে বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষক আছেন। তিনি ভৌতবিজ্ঞানের শিক্ষক লিটন কুমার সরকার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি নবম ও দশম শ্রেণির রসায়ন ও পদার্থবিজ্ঞান পড়াই। এ ছাড়া অন্য শ্রেণির সাধারণ বিজ্ঞান ক্লাস নিই। এতে সময় চলে যায়। তবু চেষ্টা করি মাঝে মাঝে গণিত ক্লাস নিতে। কিন্তু ইংরেজি ও গণিতের শিক্ষক না থাকায় ছাত্রীদের খুব সমস্যা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ বলেন, ‘শিক্ষক-সংকটের বিষয়ে আমরা প্রতি মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছি। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না।’