শিক্ষক-সংকটে ধুঁকছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজে সমাজকল্যাণ, কৃষিবিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তি বিভাগে কোনো শিক্ষক নেই। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজে শিক্ষকের পদ ২৬টি। এর মধ্যে ৪টি পদ শূন্য। এখানে দুই উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস কোর্সে ২ হাজার ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করে।
কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ বিভাগে দুটি পদ রয়েছে। ২০১৪ সালের মে মাস পর্যন্ত এখানে একজন শিক্ষক ছিলেন। ২০১৪ বছরের ১৪ মে সমাজকল্যাণ বিভাগের শিক্ষক মোহাম্মদ মঈন উদ্দীন পদোন্নতি পেয়ে কুমিল্লা মহিলা সরকারি কলেজে বদলি হয়ে যান। এরপর থেকে এ কলেজে সমাজকল্যাণ বিভাগটি শিক্ষকশূন্য হয়।
কলেজের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্স ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ১ হাজার ৬২২ জন শিক্ষার্থীর সমাজকল্যাণ বিষয় রয়েছে। কোনো শিক্ষক না থাকায় কর্তৃপক্ষ কখনো অন্য বিষয়ের শিক্ষক দিয়ে আবার কখনো অতিথি শিক্ষক দিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।
বদলি হয়ে যাওয়া শিক্ষক মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, ‘কলেজে সমাজকল্যাণ বিষয়ের শিক্ষক-সংকট প্রকট। ডিগ্রি কলেজ হওয়া সত্ত্বেও এ বিভাগে শিক্ষক নেই। আমি একটানা আট বছর ওই কলেজে কর্মরত ছিলাম। তখন আমি একাই সব শ্রেণির পাঠদান সামাল দিয়েছি। পরে পদোন্নতির কারণে বদলি হয়ে কুমিল্লায় চলে আসি।’
কলেজের কৃষিবিজ্ঞান বিভাগের একমাত্র শিক্ষক রোকসানা আক্তার গত বছরের ডিসেম্বর মাসে, গণিত বিভাগের একমাত্র শিক্ষক দিপিকা রানী ধর গত জুলাই মাসে বদলি হয়ে যাওয়ায় তাঁদের পদগুলো শূন্য। তথ্যপ্রযুক্তি বিষয়টি নতুন করে চালু করা হলেও এ পদে আজও শিক্ষক পদায়ন করা হয়নি। অন্য বিষয়ের শিক্ষক দিয়ে তথ্যপ্রযুক্তি বিষয় পড়ানোর কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহার, সাবিনা ইসলাম ও আলোমনি আক্তার বলে, ‘এ কলেজে শিক্ষক-সংকট প্রকট। এক বিষয়ের পাঠদান অন্য বিষয়ের শিক্ষক দিয়ে করানোর কারণে আমাদের ভীষণ ক্ষতি হচ্ছে। লেখাপড়ার অনেক আশা নিয়ে এ কলেজে ভর্তি হলেও কাঙ্ক্ষিত আশার প্রতিফলন ঘটাতে পারব বলে মনে হচ্ছে না।’
এসব বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুজ জাহের বলেন, ‘সমাজকল্যাণ, কৃষিবিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তি বিভাগে শিক্ষক দেওয়ার জন্য প্রতি মাসেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মহাপরিচালকের কাছে আবেদন পাঠানো হচ্ছে। কিন্তু শিক্ষক পাচ্ছি না।’