নেত্রকোনার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষক-সংকট কাটছে না। প্রধান শিক্ষক থেকে শুরু করে অধিকাংশ বিষয়ে শিক্ষক না থাকায় ১৮৫ বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমসহ পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮৩২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯২১ সালে নিম্নমাধ্যমিক থেকে উচ্চবিদ্যালয়ে রূপান্তরিত হয়। এরপর ওই অঞ্চলের কৃতী সন্তান তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের উদ্যোগে ১৯৯১ সালে সরকারি হয়। এখানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অনুমোদিত শিক্ষকের পদ আছে ২১টি। কিন্তু এর মধ্যে প্রধান শিক্ষকসহ ১১টি পদই শূন্য। প্রধান শিক্ষক ছাড়া অন্য ১০টি সহকারী শিক্ষকের শূন্য। পদগুলো হলো ভূগোল, জীববিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে একজন, কৃষি শিক্ষায় একজন করে এবং ভৌতবিজ্ঞান, গণিত ও বাংলায় দুজন করে। এসব পদ চার মাস থেকে অন্তত পাঁচ বছর ধরে শূন্য। গত ২০ আগস্ট প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ একই জেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে যোগ দেওয়ার পর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুলফিকার হোসেন। বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৮১০ জন শিক্ষার্থী আছে। প্রাচীন এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ায় পর থেকে সুনামের সঙ্গে চলে এলেও বর্তমানে শিক্ষক-সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বাংলা বিষয়ের তিনটি পদের মধ্যে দুটি, গণিতের তিনটি পদের মধ্যে দুটি এবং ভৌতবিজ্ঞান ও জীববিজ্ঞানের কোনো শিক্ষকই নেই। এতে বিজ্ঞানপড়ুয়া শিক্ষার্থীদের মধে৵ হতাশা তৈরি হয়েছে। এ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ১৬৮ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ৮৫ এবং দশম শ্রেণিতে ১৬৩ শিক্ষার্থীর মধ্যে ১০৮ জন বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছে। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সবার জন্যই গণিত বাধ্যতামূলক। কিন্তু ৮১০ জন শিক্ষার্থীর জন্য গণিতে মাত্র একজন শিক্ষক আছেন।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক সমস্যা ছাড়াও বিদ্যালয়ের ভবন ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বৈদ্যুতিক পাখা, প্রয়োজনীয় আসবাব, পাঠাগার, বিশ্রামাগার, শৌচাগারসহ নানা সংকটে ঐতিহ্য হারাতে বসেছে প্রতিষ্ঠানটি।
অভিভাবক জিয়াউর রহমান বলেন, ‘বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। আমার মতো প্রায় সবারই একই অবস্থা। গুরুত্বপূর্ণ বিষয়গুলোরই শিক্ষক নেই। বাধ্য হয়ে আমরা সন্তানদের বাইরে প্রাইভেট পড়াচ্ছি, কোচিংয়ে দিচ্ছি।’
নাম প্রকাশ না করার শর্তে সপ্তম শ্রেণির তিনজন, নবম শ্রেণির তিনজন, দশম শ্রেণির চারজনসহ অন্তত ১৫ জন শিক্ষার্থী বলে, শিক্ষক-সংকটে বাংলা, গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ কয়েকটি বিষয়ের ক্লাস হয় না। তাই বাইরে প্রাইভেট পড়তে হয়। তবে যে শিক্ষকেরা আছেন, তাঁরা খুবই আন্তরিক বলে জানায় শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের গণিতের একমাত্র শিক্ষক জাহাঙ্গীর ভূঁইয়া। গণিতের পাশাপাশি তাঁকে বিজ্ঞানও পড়াতে হয়। তিনি বলেন, ‘শিক্ষক না থাকায় আমাকে সব শ্রেণির গণিত পড়াতে হয়। এতে সময় চলে যায়। তবু মাঝে মাঝে বিজ্ঞানের ক্লাসগুলো নিতে।’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার হোসেন বলেন, ‘শিক্ষক-সংকটে ছাত্রছাত্রীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিজ্ঞানের মতো বিষয়ে শিক্ষক একেবারেই নেই। আমরা যে কয়েকজন শিক্ষক আছি, তারা মিলে ৮১০ জন শিক্ষার্থীকে পড়াতে রীতিমতো হিমশিম খাচ্ছি। টাকার অভাবে ভালো অতিথি শিক্ষকও নেওয়া যাচ্ছে না। বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে জানানো হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না।’
জেলা শিক্ষা কর্মকর্তা ওয়ালী উল্লাহ বলেন, ‘শিক্ষক-সংকটের বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে। এখনো সাড়া মেলেনি।’