শিক্ষক-সংকটে ফল বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকস্বল্পতা রয়েছে। ফলে বিদ্যালয়গুলোতে পড়ালেখা ব্যাহত হচ্ছে। এসএসসিতেও ভালো ফল করতে পারছে না বিদ্যালয়গুলো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, বেড়ায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই। বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২৩টি। বিদ্যালয়গুলোতে প্রায় ২২ হাজার শিক্ষার্থী রয়েছে। তুলনামূলকভাবে নতুন স্থাপিত (২৫ বছরের মধ্যে) বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম হলেও বেশির ভাগ পুরোনো বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে বেশি। পুরোনো বিদ্যালয়গুলোর মধ্যে শতবর্ষী বিদ্যালয় তিনটি। সেগুলো হলো বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়, নাটিয়াবাড়ী ধোবাখোলা করোনেশন উচ্চবিদ্যালয় ও ভারেঙ্গা একাডেমি। এ ছাড়া অর্ধশতাধিক বছরের পুরোনো বিদ্যালয় রয়েছে ১০-১২টি।
পুরোনো বিদ্যালয়গুলোতে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন সর্বোচ্চ ১৬ জন করে। বিদ্যালয়গুলোতে দুই পালা চালু করার প্রয়োজন থাকলেও তার অনুমোদন মিলছে না। এমনকি শাখা খোলার ব্যাপারেও পূর্ণ অনুমোদন মিলছে না। অতিরিক্ত শিক্ষার্থীদের চাপ সামলাতে বিদ্যালয়গুলোতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় খণ্ডকালীন শিক্ষকদের দায়বদ্ধতা ও আন্তরিকতা কম থাকায় তাঁদের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক পড়াশোনা হচ্ছে না বলে জানা গেছে। ফলে বিদ্যালয়গুলোতে এসএসসির ফলও সন্তোষজনক হচ্ছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এবার ১৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে চমক দেখিয়েছে বেড়া আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ (১৯৮৭ সালে স্থাপিত) ও হরিনাথপুর এসইএসডিপি মডেল হাইস্কুল (২০১১ সালে স্থাপিত)। আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে শতভাগ পাসসহ ৮৭ জন জিপিএ-৫ পেয়েছে। বোর্ডে এই শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান ১৮তম ও জেলায় দ্বিতীয়। অন্যদিকে হরিনাথপুর এসইএসডিপি মডেল হাইস্কুল থেকে শতভাগ পাসসহ ২১ জন জিপিএ-৫ পেয়েছে। জেলায় এই বিদ্যালয়টির অবস্থান অষ্টম। দুটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের অনুপাতে প্রয়োজনীয় শিক্ষক রয়েছেন।
এদিকে পুরোনো বিদ্যালয়গুলোর ফল বরাবরের মতো এবারও খারাপ হয়েছে। বেড়া বিবি উচ্চবিদ্যালয়ের ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন, কৈটোলা আদর্শ উচ্চবিদ্যালয়ের ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন, নাটিয়াবাড়ী ধোবাখোলা করোনেশন উচ্চবিদ্যালয়ের ১৫৩ জনের মধ্যে ৩ জন এবং ভারেঙ্গা একাডেমির ৯২ জনের মধ্যে মাত্র ১ জন জিপিএ-৫ পেয়েছে। পুরোনো অন্য বিদ্যালয়গুলোর ফলাফলের চিত্রও প্রায় একই।
শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়গুলোতে প্রত্যাশিত ফল না হওয়ার পেছনে শিক্ষক-সংকটই মূলত দায়ী। শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকের সংখ্যা কম হওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া বেশির ভাগ বিদ্যালয়ে বিষয়ভিত্তিক (ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞান) শিক্ষকের সংকট রয়েছে। অতিরিক্ত শিক্ষার্থীদের চাপে বিদ্যালয়গুলো নিজস্ব ব্যবস্থাপনায় শাখা খুললেও এর অনুমোদন মিলছে না। এতে বিদ্যালয়গুলোতে এমপিওভুক্ত অতিরিক্ত শিক্ষক নেওয়া যাচ্ছে না।
নাটিয়াবাড়ী ধোবাখোলা করোনেশন উচ্চবিদ্যালয়ে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের ১ হাজার ৩০০ শিক্ষার্থীর জন্য এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন মাত্র ১৬ জন। বিদ্যালয় কর্তৃপক্ষ শ্রেণিগুলোকে ১৫টি শাখায় ভাগ করলেও মাত্র ৪টি শাখার অনুমোদন পাওয়া গেছে। ১১টি শাখার অনুমোদন না মেলায় বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ১১ জন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান চালানো হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, ‘শিক্ষকস্বল্পতায় বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে। এ কারণে আমরা ফলাফলেও পিছিয়ে পড়ছি। শিক্ষক-সংকট দূর করতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাঁদের অভিজ্ঞতা যেমন নেই, তেমনি প্রত্যাশিত কাজও তাঁদের কাছ থেকে পাওয়া যায় না।’
ভারেঙ্গা একাডেমির প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, ‘আমার বিদ্যালয়ে ৮০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ১১ জন। শাখার অনুমোদন পাওয়া গেলে শিক্ষক দু-একজন বেশি পাওয়া যেত। কিন্তু শাখার অনুমোদন পাওয়া যাচ্ছে না। আর পাওয়া গেলেও শর্ত দেওয়া হচ্ছে, শিক্ষকের বেতন দিতে হবে প্রতিষ্ঠান থেকে।’
বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদৎ হোসেন বলেন, বেড়া উপজেলায় শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকের সংখ্যা অপ্রতুল। শুধু তা-ই নয়, বেড়ায় শিক্ষার্থীদের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কম। নতুন তিনটি বিদ্যালয় স্থাপনসহ আগের বিদ্যালয়গুলোতে শাখার অনুমোদন বাড়ানোর প্রস্তাব এবং চারটি বিদ্যালয়ে দুই পালা চালুর সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।