বগুড়ায় শিক্ষক-সংকটে ব্যাহত পাঠদান

বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। সহকারী শিক্ষকদের পাশাপাশি প্রধান শিক্ষকের বিপুলসংখ্যক পদ শূন্য রয়েছে। শিক্ষক–স্বল্পতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।
জেলার ১২টি উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, ১ হাজার ৬০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ৭০৮টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৪৯৭টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব স্কুলে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২১১টি।
প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ এবং পদোন্নতি দেড় বছর ধরে বন্ধ থাকায় দিন দিন শূন্য পদ বাড়ছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ৮২টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে তাঁদের দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় অন্য শিক্ষকদের ওপর চাপ বাড়ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১২টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৬০৩। এর মধ্যে বগুড়া সদর উপজেলার ১২২টি বিদ্যালয়ের ২৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। এ উপজেলায় সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৬টি।
শাজাহানপুর উপজেলায় ১২১টি বিদ্যালয়ের ৩২টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৬টি। সারিয়াকান্দিতে ১৬৮টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক নেই ৭৪টিতে। আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫২টি। এখানে মামলাজনিত জটিলতায় প্রধান শিক্ষকের পদায়ন আটকে আছে ১১টি বিদ্যালয়ে।
নন্দীগ্রামে ১০৩টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক ছাড়া চলছে ২৭টি, সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ১৫টি। সোনাতলা উপজেলায় ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক নেই ৩৫টিতে, সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৪০টি। কাহালু উপজেলায় ১১৪টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক নেই ২৮টি বিদ্যালয়ে। সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ১১টি।
গাবতলীতে ১৬৪টি বিদ্যালয়ের মধ্যে ৫৩টিতে প্রধান শিক্ষকের ও ১৩টিতে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। মামলাজনিত জটিলতায় পদায়ন আটকে আছে ৬টি বিদ্যালয়ে। দুপচাঁচিয়ায় ৮৪টি বিদ্যালয়ের মধ্যে ২০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৪টি। আদমদীঘিতে ৯৮টি বিদ্যালয়ের ৩১টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের ১৭টি পদ শূন্য রয়েছে। শেরপুরে ১৩৬টি বিদ্যালয়ের ৫২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে ১টি। মামলাজনিত জটিলতায় প্রধান শিক্ষক নিয়োগ আটকে রয়েছে ১৫টি বিদ্যালয়ে।
শিবগঞ্জে ১৬২টি বিদ্যালয়ের ৫৯টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের ২৫টি পদ শূন্য রয়েছে। মামলাজনিত জটিলতায় পদায়ন আটকে রয়েছে ৬টিতে। ধুনটে ১৯৪টি বিদ্যালয়ের ৫৭টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের ২১টি পদ খালি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক না থাকায় স্কুলগুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে। কাহালুর বাখরা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা গেছে, এ বিদ্যালয়ে শিক্ষকের মোট পদ ৫টি। এর মধ্যে সেপ্টেম্বর মাস থেকে প্রধান শিক্ষকের পদ শূন্য। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আফরিন সুলতানা নামের একজন সহকারী শিক্ষক। আর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে উচ্চতর প্রশিক্ষণে রয়েছেন আরিফুল ইসলাম নামের একজন সহকারী শিক্ষক। অবশিষ্ট দুজন শিক্ষক হলেন মোসলেম উদ্দিন ও আমনুল ইসলাম। পাঠদান করাতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরিন সুলতানা প্রথম আলোকে বলেন, তাঁকে নানা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের জন্য আলাদা কোনো ভাতাও প্রদান করা হয় না। এ ছাড়া সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে সহকর্মীরা মানতেও চান না।
কাহালুর ঢেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক যুগ ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা একজন শিক্ষক বলেন, নানা কাজে মাসে কমপক্ষে ১০ কর্মদিবস উপজেলা শিক্ষা কার্যালয়ে যেতে হয়। তখন দুজন মাত্র শিক্ষক দিয়েই প্রাক্-প্রাথমিকসহ ৬টি শ্রেণির ক্লাস চালাতে হয়।
কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেসবেরতালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলী বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনেক পদ দীর্ঘদিন শূন্য থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে।
বগুড়া সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েত আলী শাহ বলেন, বিধি অনুযায়ী প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং ৩৫ শতাংশ নিয়োগ পরীক্ষার মাধ্যমে পূরণ হয়ে থাকে। মামলা ও আইনগত জটিলতায় ২০১৮ সালের জুলাইয়ের পর থেকে প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। আগামী জুলাই মাসে নিয়োগ ও পদায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সহকারী শিক্ষকের শূন্য পদের তালিকাও অধিদপ্তরে পাঠানো হয়েছে।