শিক্ষক-সংকট, কর্মস্থলে অনুপস্থিতি ও অবকাঠামোগত সমস্যার কারণে ধুঁকে ধুঁকে চলছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের প্রাথমিক শিক্ষাব্যবস্থা। এসব কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চরাঞ্চলের ছয়টিসহ ১২টি ইউনিয়নে ২৩৭টি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। যমুনাবেষ্টিত পূর্ব পারের চরাঞ্চলের ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এসব বিদ্যালয়ে ৬৭ জন প্রধান শিক্ষক এবং ১৪৮ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। আবার যাঁরা কর্মরত আছেন তাঁদের বেশির ভাগ পশ্চিম পাড় ও সিরাজগঞ্জ জেলা শহর থেকে যাতায়াত করেন। অনেক বিদ্যালয় বদলি শিক্ষক দিয়ে পাঠদান চালিয়ে আসছে।
গত ৮ ফেব্রুয়ারি চরাঞ্চলের খাশরাজবাড়ী ইউনিয়নের বিরশুরিগাছা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ওই স্কুলে দুজন শিক্ষক কর্মরত থাকলেও কেউ উপস্থিত নেই। ২৪ জন শিক্ষার্থী উপস্থিত দেখা যায়। কয়েকজন শিক্ষার্থী বলে, বিদ্যালয়ে একজন নারী শিক্ষক থাকলেও তাঁকে কোনো দিন তারা দেখেনি। প্রধান শিক্ষকই সব শ্রেণির ক্লাস নেন। এ ছাড়া একজন বদলি শিক্ষক আছেন। তিনি মাঝেমধ্যে বিদ্যালয়ে আসেন। এ বিষয়ে কথা বলার জন্য প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিদ্যালয়ের কাজে উপজেলায় আছেন বলে জানান।
একই ইউনিয়নের উজান মেওয়াখোলা, যুক্তিগাছা সরকারি, ৮২ নম্বর যুক্তিগাছা, বিলধলি, খিরাইকান্দিসহ বেশ কিছু বিদ্যালয়ে গিয়ে একই ধরনের চিত্র দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফিউল ইসলাম জানান, গত সপ্তাহে চরাঞ্চলের খাস চরগিরিস ও ডগলাস ভেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ছয়জন শিক্ষকের মধ্যে তিনজনকে পাওয়া গেছে। এ ছাড়া দুটি বিদ্যালয়ে মাত্র ৩৭ জন শিক্ষার্থী পাওয়া যায়।
২ মার্চ ৫ নম্বর সদ্য চরপারখুকশিয়া, রঘুপুর বারমাইসা, ৯১ নম্বর চরপারখুকশিয়া, ৮৭ নম্বর চর বুরুঙ্গি, পঞ্চিম পানাগাড়ি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভাঙ্গা টিনের চাল আর নড়বড়ে খুঁটির ওপর দাঁড়িয়ে আছে বিদ্যালয়গুলো। ৫ নম্বর সদ্য চরপারখুকশিয়া ও রঘুপুর বারমাইসা বিদ্যালয়ে মাঠের মধ্যে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গাজী আহম্মেদ অভিযোগ করেন, পাশের পানাগাড়ি বিদ্যালয়ে ভবনের প্রয়োজন না থাকলেও সেখানে নতুন ভবন বরাদ্দ হয়েছে। অথচ তাঁদের এখানে বরাদ্দ দেওয়া হচ্ছে না।
এসব ইউনিয়নের শিক্ষার্থীদের অভিভাবকেরা অভিযোগ করেন, চরাঞ্চলে শিক্ষকদের স্থায়ীভাবে থাকার কথা থাকলেও তাঁরা তা মানছেন না। বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করা হলেও তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
ইউএনও সাফিউল ইসলাম জানান, চরাঞ্চলে শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করার জন্য একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ময়নুল হক বলেন, নিয়োগ না হওয়ায় শিক্ষকের পদগুলো পূরণ করা যায়নি। কিছু কিছু বিদ্যালয়ে সমস্যা আছে। বিষয়গুলো নিয়ে উপজেলা শিক্ষা কমিটিতে আলোচনা হয়েছে। সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃক্ষকে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার বলেন, যাঁরা কর্মস্থলে অনুপস্থিত থাকছেন তাঁদের বিভিন্ন সময়ে সতর্ক করে দেওয়া হয়েছে।