শিক্ষা আইনে শারীরিক শাস্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার সামগ্রিকভাবে একটি শিক্ষা আইন তৈরি করবে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শাস্তির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।গতকাল মঙ্গলবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দূরীকরণ’ শীর্ষক কর্মশালা সেভ দ্য চিলড্রেনের সহায়তায় অনুষ্ঠিত হয়।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শারীরিক শাস্তি দেওয়ার মাত্রা আগের চেয়ে কিছুটা কমেছে। কোথাও নির্যাতনের ঘটনা ঘটলে গণমাধ্যমে তা প্রকাশিত হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্যাতক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, বরখাস্তসহ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।গত ১৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ করে রায় দেন। বিচারপতি মো. ইমান আলী ওই রায় ঘোষণার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, ‘আইন, প্রজ্ঞাপন ও কোর্টের আদেশ দিয়ে কিছু হবে না। সবাইকে সচেতন হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ সব জায়গায় শিশুর ওপর শারীরিক শাস্তি বন্ধ করতে হবে। বড়দের মুখে “আমরাও ছোটবেলায় মার খেয়েছি”—এ ধরনের কথা আর শুনতে চাই না।’গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, দেশের ৪০ শতাংশ অভিভাবক লেখাপড়া করার সুযোগ পাননি। এসব অভিভাবককে সচেতন করা কঠিন কাজ। তাই সহযোগী প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি কাজ করতে হবে।শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল নিজের স্কুলজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘স্কুলের শতবর্ষ উপলক্ষে প্রবন্ধ লেখা শেষ করে লক্ষ করলাম, কোন শিক্ষক কতবার, কীভাবে পিটিয়েছেন তার বর্ণনা দিতেই কয়েক পৃষ্ঠা লেগেছে। অনেক কিছু ভুলে গেলেও ৫০ বছর পরও নির্যাতনের ঘটনাগুলো মনে আছে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহতাব খানম বলেন, শিশুর ওপর শারীরিক ও মানসিক শাস্তির বিষয়টি সমাজে মেনে নেওয়ার যে প্রবণতা, তা উদ্বেগজনক।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বলেন, প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে শারীরিক শাস্তির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীকে শাস্তি দিলে শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা পরিপত্রে বলে দেওয়া হয়েছে। কর্মশালায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষকনেতা কাজী ফারুক আহমেদ, ব্লাস্টের পরিচালক সারা হোসেন, ইনস্টিটিউট ফর ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ আহমেদ ও সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি লুৎফুল কবীর।