শিক্ষা আইনে 'শাস্তি'র বদলে অন্য শব্দ অন্তর্ভুক্ত হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রস্তাবিত শিক্ষা আইনে শিক্ষকদের ‘শাস্তি’র বদলে অন্য কোনো উপযুক্ত শব্দ অন্তর্ভুক্ত করা হবে।আজ রোববার সচিবালয়ে প্রস্তাবিত শিক্ষা আইনের ওপর বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানের লিখিত মতামত মন্ত্রীর কাছে দেওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শিক্ষকেরা শ্রদ্ধার পাত্র। “শাস্তি” তাঁদের জন্য সম্মানজনক নয়। তাই অন্য কোনো উপযুক্ত শব্দ ব্যবহার করা হবে। তবে যেসব শিক্ষক দিনের পর দিন ক্লাসে আসবেন না, ছাত্রী নিপীড়ন করবেন, তাঁদের বিরুদ্ধে তো কোনো না কোনোভাবে ব্যবস্থা নিতেই হব।’
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন জনের মতামত নিয়ে আসন্ন সংসদ অধিবেশনে আইনটি পাসের জন্য উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, শিক্ষকের অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো এই আইন। তাঁরা আশা করছেন, তাঁদের দেওয়া মতামত গুরুত্বসহকারে আইনে অন্তর্ভুক্ত হবে। তাঁরা বিভিন্ন মতামতসহ নয় পাতার একটি প্রতিবেদন মন্ত্রীর কাছে উপস্থাপন করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের  কর্মকর্তারা জানান, ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাবিত আইনের ওপর মতামত দেওয়া যাবে।
উল্লেখ্য, শিক্ষানীতির আলোকে সরকার এই আইন করতে যাচ্ছে। কয়েক দিন আগে শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও ‘শাস্তি’র বদলে অন্য কোনো শব্দ ব্যবহারের জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছিল।