শিক্ষা আইনে 'শাস্তি'র বদলে অন্য শব্দ ব্যবহারের সুপারিশ
প্রস্তাবিত শিক্ষা আইনে ‘শাস্তি’ শব্দের বদলে অন্য কোনো শব্দ ব্যবহারের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি।
জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক সূত্র জানায়, কমিটি ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে খসড়া আইন সংসদের আগামী অধিবেশনে বিল আকারে উত্থাপন করতে বলেছে। বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, খসড়া আইনে যেসব শাস্তির বিধান করা হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আরও পরামর্শের সুপারিশ করা হয়েছে। বৈঠক সূত্র জানায়, শিক্ষা আইনে যেহেতু শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট, সে জন্য কমিটি ‘শাস্তি’ শব্দটি বাদ দিয়ে বিকল্প অন্য কোনো শব্দ ব্যবহারের সুপারিশ করেছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ২০১৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নিতে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া নবম শ্রেণীর আগামী বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি পর্যবেক্ষণ করার সুপারিশ করা হয়। এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। বই ছাপানো হয়ে গেছে। রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী, হুইপ মির্জা আজম, বীরেন শিকদার, মো. শাহ আলম, জিয়াউর রহমান ও মমতাজ বেগম অংশ নেন।