শিক্ষা আইনের কিছু ধারার বিরোধিতা প্রকাশকদের
প্রস্তাবিত শিক্ষা আইনের নোটবই ও গাইড বই নিষিদ্ধ করা-সংক্রান্ত ধারাগুলোর বিরোধিতা করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সংগঠনটি বলেছে, এই ধারা বাস্তবায়িত হলে দেশে ২৫ হাজার বইয়ের দোকান বন্ধ হয়ে যেতে পারে। এই উপধারাগুলো বাস্তবায়ন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা।
গতকাল মঙ্গলবার সংগঠনের কার্যালয়ে এটির জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা থেকে এ আহ্বান জানানো হয়।
সভা থেকে বিভিন্ন বইয়ের নকল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন সমিতির নেতারা। সভা থেকে ১৭ আগস্ট বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সারা দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় সহসভাপতি মো. সালাউদ্দিন, আলমগীর মল্লিক, পরিচালক ওসমান গনি, আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।