শিক্ষা আইনের খসড়া প্রত্যাহারের দাবি
শিক্ষা আইনের খসড়ার কঠোর সমালোচনা করে তা বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে শিক্ষকদের এমপিও বাতিলের আইন প্রণয়ন সভ্য সমাজে কাম্য হতে পারে না।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষা আইন, ২০১৩-এর খসড়া নিয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় এমাজউদ্দীন এসব কথা বলেন।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন সদরুল আমিন বলেন, শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা কম হওয়ার কারণেই তাঁরা প্রাইভেট পড়ান। তাঁদের আর্থিক সুবিধা বৃদ্ধি ছাড়া শুধু আইন করে প্রাইভেট কোচিং বন্ধ করা যাবে না।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ, বাংলাদেশ অধ্যক্ষ সমিতির মহাসচিব মাহবুবুর রহমান মোল্লা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব দেলোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।