শিক্ষা আইনের খসড়া মতামতের জন্য ওয়েবসাইট
জাতীয় শিক্ষানীতির সুপারিশের আলোকে তৈরি শিক্ষা আইন-২০১৩-এর খসড়া মানুষের মতামতের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) প্রকাশ করা হয়েছে।
খসড়ার ওপর সুশীল সমাজ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সব স্তরের মানুষের কোনো মতামত, সুপারিশ বা পরামর্শ থাকলে তা ২৫ আগস্টের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ই-মেইল: [email protected], [email protected], [email protected] এ দেওয়ার জন্য অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
‘জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন ও মনিটরিং কমিটি’র প্রথম সভায় শিক্ষা আইন প্রণয়নের জন্য শিক্ষাসচিবের নেতৃত্বে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিদের সদস্য হিসেবে রাখা হয়। এ কমিটির প্রথম সভায় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (নিরীক্ষা ও আইন) আহ্বায়ক করে নয় সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। এ কমিটি ১২টি সভা করে শিক্ষা আইনের খসড়া প্রস্তুত করে।