শিক্ষা আইনে'শাস্তি'র বদলে অন্য শব্দ ব্যবহারের সুপারিশ
প্রস্তাবিত শিক্ষা আইনে ‘শাস্তি’ শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহারের পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি খসড়া শিক্ষা আইনের বিভিন্ন শাস্তির বিধান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনার সুপারিশ করেছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক সূত্র জানায়, কমিটি ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের মতামত নিয়ে খসড়া আইনটি সংসদের আগামী অধিবেশনে বিল আকারে উত্থাপন করতে বলেছে।
জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে প্রণীত শিক্ষা আইনের খসড়া গত ৭ আগস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, খসড়া আইনে যেসব শাস্তির বিধান করা হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আরও পরামর্শের সুপারিশ করা হয়েছে।
বৈঠক সূত্র জানায়, শিক্ষা আইনে যেহেতু শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট, সে জন্য কমিটি ‘শাস্তি’ শব্দটি বাদ দিয়ে বিকল্প অন্য কোনো শব্দ ব্যবহারের সুপারিশ করেছে।
রাশেদ খান মেনন আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বহু শিক্ষার্থী পড়তে যান। সেখানে তাঁরা অনেক ধরনের সমস্যার মুখোমুখি হন। এসব সমস্যা সমাধানের জন্য সেসব দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে একটি করে পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে।’
এদিকে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে ২০১৫ সালে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া নবম শ্রেণীর আগামী বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি পর্যবেক্ষণ করার সুপারিশ করা হয়।
তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। বই ছাপানো হয়ে গেছে।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ মির্জা আজম, বীরেন শিকদার, মো. শাহ আলম, জিয়াউর রহমান ও মমতাজ বেগম অংশ নেন।