শিক্ষা উপকরণে ভারতীয় টিভি সিরিয়ালের প্রভাব
ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালের ছোঁয়া লেগেছে শিক্ষার উপকরণে। বিভিন্ন পোশাক-পরিচ্ছদে ছবি ও নামকরণের পর এবার ওই সব সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শিল্পীদের ছবি দিয়ে খাতা বিক্রি করা হচ্ছে রাজশাহীর বাগমারায়। স্কুলের খুদে শিক্ষার্থীরা ওই সব খাতা কিনছে।
উপজেলার হাটগাঙ্গোপাড়া, তাহেরপুর, ভবানীগঞ্জ, মচমইলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার স্টেশনারি ও বইয়ের (লাইব্রেরি) দোকানগুলোতে ভারতীয় টিভি চ্যানেলের সিরিয়ালের আলোচিত ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শিল্পীদের ছবি-সংবলিত খাতা বিক্রি করা হচ্ছে। এসব খাতার নামকরণও করা হয়েছে চ্যানেল, শিল্পী ও সিরিয়ালের নামানুসারে। এর মধ্যে স্টার জলসা ও জি বাংলার সিরিয়াল কিরণমালা, জলনূপুর, বধূবরণ উল্লেখযোগ্য। খাতার মলাটের উভয় পাশে একাধিক ছবি ও সিরিয়ালের নাম উল্লেখ রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের খুদে শিক্ষার্থীরা ওই সব মলাটের বাংলা, ইংরেজি ও অঙ্ক খাতার ক্রেতা।
খাতাগুলোতে প্রস্তুতকারী ও সরবরাহকারীর কোনো ঠিকানা না থাকলেও উপজেলার ১৫ জন দোকানির দেওয়া তথ্যমতে, রাজশাহী শহরের হাসিবুর রহমান নামের এক বিক্রেতা গত জুন থেকে খাতাগুলো বাগমারার বিভিন্ন দোকানে পৌঁছে দিচ্ছেন।
নাম গোপন রাখার শর্তে চারজন দোকানদার জানান, চাহিদা থাকার কারণে তাঁরা এসব খাতা বিক্রি করছেন। এ ছাড়া এসব বিক্রি করা যাবে না, এমন কোনো নিষেধাজ্ঞাও তো নেই।
হাসিবুর রহমান গতকাল শুক্রবার মুঠোফোনে জানান, তিনিসহ নগরের সাহেববাজার, লক্ষ্মীপুর ও ভাটাপাড়া এলাকার আরও কয়েকজন ঢাকা থেকে এসব মলাট কিনে এনে খাতা বাধাই করে বিক্রি করেন। বিপদ হতে পারে, এমন আশঙ্কায় তাঁরা ঠিকানা ব্যবহার করেন না বলে জানিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার জানান, তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।