শিক্ষাঋণের জন্য 'নিরাপত্তা তহবিল' গঠনের কথা ভাবছে সরকার
শিক্ষার জন্য ব্যাংক–ব্যবস্থা থেকে ঋণ জোগান দিতে সরকার ব্যাংকঋণের গ্যারান্টি হিসেবে ‘নিরাপত্তা তহবিল’ গঠনের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি অনেক এগিয়ে গেছে। দারিদ্র্য অবস্থার উত্তরণ ঘটিয়ে আমরা মধ্যম আয়ের দিকে যাচ্ছি। এখন আমরা ঋণ করে শিক্ষা গ্রহণের কথা ভাবতে পারি। এ জন্য ব্যাংকঋণের গ্যারান্টি দিতে একটি নিরাপত্তা তহবিল গঠনের চিন্তাভাবনা রয়েছে।’
আজ শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, পরিচালনা পরিষদের সদস্য সানাউল্লাহ সাহিদ প্রমুখ বক্তব্য দেন।
অর্থমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে মহাজোট সরকার যখন ক্ষমতায় আসে, তখন বিদ্যুতের চরম সংকট ছিল। এ জন্য আমরা প্রথম দিকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নের প্রতি বেশি নজর দিই। এ কারণে বিদ্যুৎ–সংকট উত্তরণ সম্ভব হয়েছে। এখন আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দিচ্ছি।’
আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়বে বলে জানান অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে এ কে আজাদ সব ব্যাংকের জন্য শিক্ষাঋণ বাধ্যতামূলক এবং ব্যাংকঋণের গ্যারান্টি হিসেবে ব্যাংকের সিএসআরের সহায়তায় একটি ‘নিরাপত্তা তহবিল’ গঠনের প্রস্তাব দেন। ব্যাংকের সিএসআর এবং সরকার যৌথভাবে এই তহবিল গঠন করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
এ কে আজাদ বলেন, অর্থঋণ আদালতের মাধ্যমে খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এ জন্য আগামী বাজেটে বিশেষ আদালত গঠনের প্রস্তাব করেন তিনি। এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি বলেন, খেলাপি ঋণ কমে এলে ব্যাংকঋণের সুদ হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে আনা সম্ভব।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল পরিবারের ৫০০ জন মেধাবী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।