শিক্ষা এখন পণ্য: রাশেদা কে চৌধূরী

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেছেন, শিক্ষা এখন পণ্য হয়ে গেছে। যে যত ব্যয় করতে পারে, তার সন্তান তত ভালো লেখাপড়া পায়। এখানে বইকে পাশ কাটিয়ে গাইড বই এবং স্কুলের বদলে কোচিং সেন্টার স্থান দখল করে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতিসংঘ সমিতির উদ্যোগে আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ‘নারী ও শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় মূল বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধির কথা উল্লেখ করে রাশেদা কে চোধূরী বলেন, মেয়েরা ভালো করছে। কিন্তু ঝরেও পড়ছে। যারা ভালো করছে ও উচ্চতর শিক্ষায় যাচ্ছে, তারা কিন্তু নিম্নবিত্ত পরিবারের না বা বৃত্তহীন পরিবারের না। বৃত্তহীন পরিবারের সংখ্যা অত্যন্ত নগণ্য, প্রায় আসেই না। কারণ হলো শিক্ষা এখন ব৵য়বহুল হয়ে গেছে।
ছাত্রীদের ঝরে পড়ার জন্য নিরাপত্তা, বাল্যবিবাহ, পর্যাপ্ত স্যানিটেশন-সুবিধা না থাকাসহ কয়েকটি কারণ উল্লেখ করেন রাশেদা কে চৌধূরী। পড়ালেখা এখন পরীক্ষানির্ভর হয়ে গেছে বলে মনে করেন তিনি।
রাশেদা কে চৌধূরী বলেন, শিক্ষা মানবাধিকার, এখানে নারী-পুরুষকে আলাদা করে দেখা সুযোগ নেই। তিনি শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জাতিসংঘ সমিতির সহসভানেত্রী মাজেদা শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি জেনারেল সৈয়দ মো. শাহেদ। আলোচনায় কয়েকজন অতিথিও মতামত তুলে ধরেন।