সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, দেশের শিক্ষা এখন বাণিজ্যে পরিণত হয়েছে। দেশের কতটি বিশ্ববিদ্যালয় দেশের জন্য এবং কয়টি স্রেফ বাণিজ্যিক ভিত্তিতে কাজ করছে, তা দেখা উচিত।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আকবর আলি খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন জ্ঞানচর্চার চেয়ে চাকরি পাওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দেশের পক্ষে কাজ করে। আর আমাদের দেশে উচ্চশিক্ষার প্রায় সবটাই আদর্শবর্জিত। এ জন্য শিক্ষার মানও কমছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারপারসন লতিফা বেগম। অনুষ্ঠানে নীরু কুমার চাকমা, এ বি এম আবদুস সালাম, হোসনে আরা শাহেদ ও মো. সিরাজুল ইসলামকে (মরণোত্তর) বিশেষ সম্মাননা দেওয়া হয়।