গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, শিক্ষা এখন রাজনীতির অংশ হয়ে গেছে। এ ক্ষেত্রে করণীয় নিয়ে ভাবতে হবে। এ ছাড়া বিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমাতে হবে।
গতকাল রোববার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সম্মেলনে ‘ইমপ্রুভিং কোয়ালিটি অব এডুকেশন’ শীর্ষক সেশনে রাশেদা কে চৌধূরী এসব কথা বলেন। তিনি বলেন, ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার চাহিদা সৃষ্টি হয়েছে। কিন্তু অভিভাবক খরচ জোটাতে না পারায় অনেকেই ঝরে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে তাই বাজেট বাড়াতে হবে।
গুলশানের একটি হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, সরকার আগে মাদ্রাসা শিক্ষাকে কর্মমুখী ও আধুনিক করতে কমন সিলেবাসের কথা বলেছিল। কিন্তু এখন ভোটের রাজনীতির কারণে সরকার মাদ্রাসার সিলেবাসে হাত দিচ্ছে না। বরং মূলধারার বাংলা সিলেবাস থেকে ধর্মনিরপেক্ষ লেখা, কবিতা তুলে দিচ্ছে।
ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক মনজুর আহমেদ বলেন, বিশ্বজুড়েই সরকার এবং রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বের কারণে জ্ঞান-বিজ্ঞান হুমকির মুখে পড়েছে।
বিআইডিএসের গবেষক মিনহাজ মাহমুদ তাঁর উপস্থাপনায় জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী অংশগ্রহণের হার ৯৮ শতাংশ। কিন্তু প্রাথমিক গণ্ডি শেষ করা ৩৮ শতাংশ শিক্ষার্থীরই গুণগত শিক্ষা অর্জিত হয় না। তা ছাড়া খুব কমসংখ্যক শিক্ষার্থীই গণিত ও পড়ার বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে।
সম্মেলনে বক্তারা শিক্ষাক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত কমানো, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোসহ নির্দিষ্ট পরিকল্পনার ওপর জোর দিয়েছেন।