শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ অপর্যাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ অর্থবছরের জন্য ১৮ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬৪তম সভায় এই বাজেট ঘোষণা করা হয়।জানা গেছে, বাজেটে শিক্ষা ও গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়নি। শিক্ষা খাতের বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। গত অর্থবছরের মতো এবারও এই খাতে এক কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া গবেষণা খাতে গত বছর ২০ লাখ টাকা বরাদ্দ থাকলেও এবার রাখা হয়েছে ১০ লাখ টাকা।বাজেট প্রসঙ্গে হিসাব নিয়ামক মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, চুয়েটের জন্য ঘোষিত বাজেট প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কাজে যে পরিমাণ বাজেট বরাদ্দ দরকার ছিল, তা দেওয়া সম্ভব হচ্ছে না।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বরাবরের মতো এবারও বাজেটে সর্বোচ্চ ১০ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক ও কর্মকর্তাদের বেতন-ভাতা খাতে। গতবার এই খাতে বাজেট ছিল ১০ কোটি ৭০ হাজার টাকা।এ ছাড়া পেনশন খাতে এক কোটি ৪৫ লাখ টাকা, মেরামত ও পুনর্বাসন খাতে এক কোটি ৩০ লাখ টাকা এবং সরবরাহ খাতে দুই কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মোট বাজেটের ১৭ কোটি ৫৫ লাখ টাকা দেবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে এক কোটি ২২ লাখ টাকা। এ ছাড়া ঘাটতি বাজেট হিসেবে থাকছে এক কোটি ১৩ লাখ টাকা। ২০১০-১১ অর্থবছরে বরাদ্দকৃত বাজেট ছিল ১৮ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা।বাজেট সম্পর্কে চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মু. সাক্বী কাউসার প্রথম আলোকে বলেন, বাজেটে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ তুলনামূলক কম রাখা হয়েছে। শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কাজে বাজেট আরও বেশি থাকার দরকার ছিল।