কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে উপনির্বাচনে দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের রেজওয়ান আহম্মদ ও স্বতন্ত্র সৈয়দ মহিতুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁদের কোনো দায়দেনাও নেই। তবে রেজওয়ানের নগদ অর্থ ও সম্পদের পরিমাণ বেশি। শিক্ষাগত যোগ্যতায়ও এগিয়ে তিনি। নির্বাচন কমিশনে ওই দুই প্রার্থীর জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর কিশোরগঞ্জ-৪ আসনটি শূন্য হয়। এ আসনে তিনি সাতবার নির্বাচিত হয়েছেন। উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান রেজওয়ান আহম্মদ। তিনি রাষ্ট্রপতির ছেলে। আগামী ৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগ প্রার্থী শিক্ষা ও সম্পদে এগিয়ে: মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা রেজওয়ান আহাম্মদ বিএসএস পাস। পেশায় ব্যবসায়ী। তিনি কিশোরগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্মানী পান। তিনি বার্ষিক আয় দেখিয়েছেন পাঁচ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে বার্ষিক আয় এক লাখ পাঁচ হাজার ৮০০ টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ইত্যাদি ভাড়া থেকে ১৩ হাজার ৫০০ টাকা, চাকরি থেকে এক লাখ ৮০ হাজার টাকা এবং ব্যবসা থেকে দুই লাখ ৩৮ হাজার ৫০০ টাকা আয় হয়। অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে নগদ ৩৪ লাখ দুই হাজার ৪৮ টাকা, ব্যাংকে ১০ লাখ ৬২ হাজার ৮৫৭ টাকা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে পাঁচ লাখ টাকা রয়েছে। এ ছাড়া বাবার কাছ থেকে পাওয়া একটি পুরাতন টয়োটা কার যার মূল্য ছয় লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, এক লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী, এক লাখ ২০ হাজার টাকার আসবাবপত্র ও ২০ হাজার টাকার পয়েন্ট টুটু বোর রাইফেল রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে রেজওয়ানের নিজ নামে কৃষিজমি তিন লাখ ৭২ হাজার টাকা ও অকৃষিজমি ৯০ হাজার টাকা এবং যৌথ মালিকানায় ঢাকার মোহাম্মদপুরে অকৃষিজমি তিন লাখ ৮১ হাজার ২২৫ টাকা ও সেখানে টিনশেড বাড়ির এক-তৃতীয়াংশ বাবদ ১৬ লাখ ৪২ হাজার ৬৬৭ টাকা ধরা হয়েছে। স্ত্রীর নামে ৮৪ হাজার টাকার কৃষি জমি রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে স্ত্রীর নামে নগদ ৩৬ হাজার ১৯ টাকা রয়েছে। পিছিয়ে মহিতুল: অষ্টগ্রাম উপজেলার মসজিদ জাম গ্রামের বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম। তিনি এইচএসসি পাস। পেশায় ব্যবসায়ী। আওয়ামী লীগের বিদ্রোহী এই প্রার্থীর বার্ষিক আয় দুই লাখ ৫০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ এক লাখ টাকা, ব্যাংকে জমা দুই লাখ ১০ হাজার টাকা এবং পাঁচ লাখ টাকা মূল্যমানের স্বর্ণালংকার রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে কৃষিজমি এক লাখ টাকা, অকৃষিজমি এক লাখ ৬৫ হাজার টাকা এবং তিন লাখ টাকা মূল্যমানের আবাসিক ভবন রয়েছে।