শিক্ষা ও স্বাস্থ্যের দুর্নীতি শূন্যের কোঠায় আনতে চায় দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে। আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধে কার্যক্রম শুরু হয়েছে। প্রথমেই শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুর্নীতি শূন্যের কোঠায় নিয়ে আসতে চায় দুদক।

গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা ও বরিশাল বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি এক দিনেই শেষ করা যাবে না। দুদকের একার পক্ষেও দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ বিভাগ এবং জনগণকে এগিয়ে আসতে হবে। দক্ষতার সঙ্গে মানুষের চাহিদা পূরণে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে।

খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক মো. শামসুল আরেফীন, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ফায়েক উজ্জামান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর।