শিক্ষা কর্মকর্তা ও সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ার পূর্ব-উত্তর কোটালীপাড়া দারুচ্ছুন্নাৎ সালেহিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে ৮০ হাজার টাকা আত্মসাৎ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার কোটালীপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. আনওয়ার হোসেন খান।

এই মামলার অন্য আসামিরা হলেন ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিহাবুদ্দিন, ব্যবস্থাপনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য আতিয়ার রহমান ও সহকারী মৌলভি সামসুল হক মোল্লা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদীর আইনজীবী রোখসানা খানম বলেন, আদালতের বিচারিক হাকিম শংকর কুমার বিশ্বাস মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৭ মার্চ।

মামলার আর্জিতে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম হুমায়ূন কবির বিএ পাসের সনদ জাল করে ওই মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির (অ্যাডহক) সভাপতি হন। সভাপতি হিসেবে অনুমোদন পাওয়ার আগেই তিনি বাদীর বেতন কাটা ও তাঁকে চাকরিচ্যুত করায় বাদী (মাদ্রাসার অধ্যক্ষ) দেওয়ানি আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে এইচ এম হুমায়ূন কবিরের হুকুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান অন্য আসামিদের সহায়তায় ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে অধ্যক্ষের ব্যক্তিগত, মাদ্রাসা পরিচালনার টাকাসহ মোট ৮০ হাজার টাকা, প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজ্যুলেশনের খাতা ও বাদীর ব্যক্তিগত ফাইলপত্র নিয়ে যান।

এইচ এম হুমায়ূন কবির বলেন, বেতন কাটাসহ অধ্যক্ষের ব্যাপারে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আইন মেনেই করা হয়েছে। তিনি দাবি করেন, ‘আমার সনদ জাল না। কেউ অবৈধ বললেই তা অবৈধ হয়ে যায় না।’ তিনি বলেন, আইন মেনেই অধ্যক্ষের কক্ষের সব সামগ্রীর তালিকা করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, ‘ইউএনওর নির্দেশে আমি এ কাজ করেছি। তবে তালা ভাঙতে হয়নি। মাদ্রাসার স্টাফ মনিরের কাছে চাবি ছিল।’

ইউএনও মো. জিলাল হোসেন বলেন, ‘আমি শিক্ষা কর্মকর্তাকে তালা ভাঙতে কোনো আদেশ দিইনি। আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিধিমোতাবেক ব্যবস্থা নিতে বলেছি।’