শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত বিচারের দাবিতে স্মারকলিপি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতির হাতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে জেলার ১০টি উপজেলার শিক্ষা কর্মকর্তারা বিভাগীয় উপপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন।জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. এস এম ফারুক ১৬ মার্চ বাবুগঞ্জ উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলার উত্তর ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক মো. শাহজাহান গাজীকে অনুপস্থিত পান। তিনি তাৎক্ষণিক তাঁকে অন্যত্র বদলির নির্দেশ দেন। তাঁর নির্দেশ অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান ওই শিক্ষককে উপজেলার অন্য একটি বিদ্যালয়ে বদলি করেন।এরই জের ধরে শিক্ষক মো. শাহজাহান গাজী গত ৪ এপ্রিল সকাল নয়টায় বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আবু হানিফ ও ছেলে গাজী মো. শহীদুল ইসলামকে নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যান। শিক্ষা কর্মকর্তাকে না পেয়ে তাঁরা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফয়সাল জামিলকে গালিগালাজ করতে থাকেন। এ সময় তাঁদের নিবৃত্ত করতে চাইলে আবু হানিফ তাঁর হাতে থাকা লাঠি দিয়ে ফয়সাল জামিলকে মারধর করেন এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।এ ঘটনায় জেলার শিক্ষা কর্মকর্তারা ক্ষুব্ধ হন। তাঁরা এর প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত শিক্ষকসহ সবার শাস্তি দাবি করে গত মঙ্গলবার উপপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করেন।