শিক্ষা কর্মকর্তা, শিক্ষকসহ চার জেলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট, সুনামগঞ্জ ও ঝিনাইদহে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক শিক্ষা কর্মকর্তা, এক কলেজছাত্রসহ চারজন নিহত হয়েছেন। আর পটুয়াখালীতে গত শনিবার সড়ক দুর্ঘটনায় আহত এক প্রবীণ শিক্ষক গতকাল মারা গেছেন।

এ নিয়ে গত ১৫৭ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৮৪। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

সিলেটের জালালাবাদ উপজেলার লামাকাজি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তা হরণ দাস (৫৫)। তিনি গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। অন্যজন দক্ষিণ সুরমা টেকনিক্যাল কলেজের ছাত্র রুহুল আমিন (২২)। বিকেলে লামাকাজির চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সেতুর উত্তর পাশের সংযোগ সড়কে সকালে একটি যাত্রীবাহী ইজিবাইক উল্টে গিয়ে মো. নজরুল ইসলাম (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের রংপুর গ্রামে। ইজিবাইকের চালক সোহাগ মিয়া গুরুতর আহত হয়েছেন।

ঝিনাইদহ শহরে গোপীনাথপুর এলাকায় সকালে একটি মিনি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ফজলু মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মিনি ট্রাকটির চালক ছিলেন। তিনি কুমিল্লার দাউদকান্দির শাওলাপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

পটুয়াখালীর বাউফলে গত শনিবার সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক শরীফ আবুয়াল কাশেম (৮০) উপজেলা সদরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা গেছেন। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। শনিবার বিকেলে উপজেলার নুরাইনপুর বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।