শিক্ষা কর্মকর্তা সাময়িক বরখাস্ত, ৩১ শিক্ষকের নিয়োগ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে উৎকোচের বিনিময়ে পোষ্য ও আনসার ভিডিপি কোটায় ভুয়া সনদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে জড়িত থাকার দায়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোদাচ্ছের হোসেনকে (বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ওএসডি) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাঁর অফিসের দুই সহকারী আবুল কালাম ও আবদুল হককে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। সেই সঙ্গে ভুয়া সনদে নিয়োগ পাওয়া ৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগপত্র বাতিল করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ জন প্রধান শিক্ষক ও ৬৫৬ জন সহকারী শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। এরপর অভিযোগ ওঠে, তাঁদের মধ্যে অন্তত পাঁচজন প্রধান শিক্ষক ও ৬২ জন সহকারী শিক্ষককে ভুয়া সনদ দেখিয়ে পোষ্য ও আনসার ভিডিপি কোটায় নিয়োগ দেওয়া হয়েছে। পরে মহাপরিচালকের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বাবলু কুমার সাহাকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রায় দুই মাস তদন্তের পর ঘটনার সত্যতা খুঁজে পায়। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোদাচ্ছের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অবৈধভাবে বিভিন্ন কোটায় অন্তর্ভুক্ত করেছেন। তাঁর দপ্তরের সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করে জাল সনদের মাধ্যমে পোষ্য কোটায় নিয়োগের সত্যতা মিলেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ কে এম আবদুল আওয়াল মজুমদার (তদন্ত ও শৃঙ্খলা শাখা) গত ১৫ নভেম্বর সই করা পত্রে মোদাচ্ছেরকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া তাঁর দুই সহযোগী আবুল কালামকে সুনামগঞ্জের জামালগঞ্জ ও আবদুল হককে ফেনী জেলার পরশুরাম উপজেলা শিক্ষা অফিসে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া গত ৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মাহবুবুন নাহারের সই করা পত্রে ৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে।কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদন ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই করে ৩১ জনের নিয়োগ বাতিল করেছে। নিয়োগ পাওয়া পাঁচজন প্রধান শিক্ষকের নিয়োগ বাতিলের প্রক্রিয়া চলছে।তাঁদের বক্তব্য: এ ব্যাপারে শাস্তিপ্রাপ্ত অফিস সহকারী আবুল কালাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। কর্তৃপক্ষের নির্দেশমতো আমরা যথারীতি কাজে যোগদান করেছি।’নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের একজন আসমা আক্তার বলেন, তিনিসহ অন্যরা এখন ভয় ও আতঙ্কের মধ্যে আছেন।