শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নির্দেশ ছাড়াই সিলেবাস (পাঠ্যক্রম) বিক্রির অভিযোগে দাউদকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা গত মঙ্গলবার এই নোটিশ দেন। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সরকারি নির্দেশ ছাড়াই দাউদকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল হক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাম ব্যবহার করে সিলেবাস ছাপেন। সেগুলো তিনি উপজেলার ১০০ সরকারি, ২৯টি রেজিস্টার্ড এবং ১৪টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ হাজার শিক্ষার্থীর কাছে বিক্রি করেন। তারাপাড়া পশ্চিম ও জিংগাটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা যায়, শিক্ষা কর্মকর্তার নির্দেশে ছাত্রদের কাছে প্রতিটি সিলেবাস ১০ টাকা করে বিক্রি করা হয়েছে। বাধ্যতামূলকভাবে এসব সিলেবাস বিক্রি করা হয় বলে তাঁরা অভিযোগ করেন।নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, অভিভাবক ও বিদ্যালয় পর্ষদগুলো থেকে বিরোধিতা শুরু হলে বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তার কানে যায়। এ অবস্থায় বিতরণ করা সিলেবাসগুলো ফেরত নিয়ে শিক্ষার্থীদের টাকা দিয়ে দেওয়া হয়।জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, এভাবে সিলেবাস দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া অবৈধ। তাই ওই উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা মনিরুল হক বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই তিনি সিলেবাস ছেপেছিলেন। কিন্তু আপত্তি ওঠায় এর বিতরণ বন্ধ রেখেছেন। তা ছাড়া তিনি ওগুলো বিনা মূল্যে বিতরণের নির্দেশ দিয়েছিলেন। শিক্ষকেরা কেন টাকা নিয়েছেন তা তিনি জানেন না।