শিক্ষা কর্মকর্তাকে পিটিয়ে আহত আ.লীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মতিউর রহমানকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে শেরকোল শিমলা উচ্চবিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের পরীক্ষা চলছিল। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান ১০ থেকে ১২ জন লোক নিয়ে সেখানে প্রবেশ করেন। তিনি সেখানে উপস্থিত নিয়োগ বোর্ডের প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তাঁদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। তবে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে শিক্ষা কর্মকর্তা সাফ জানিয়ে দেন। পরে এক প্রার্থীকে নিয়োগ দিয়ে তিনি বাসায় ফিরে যান। সন্ধ্যার দিকে আওয়ামী লীগের ওই নেতা আবার ১০ থেকে ১২ জন লোক নিয়ে উপজেলা পরিষদে শিক্ষা কর্মকর্তার বাসভবনে যান। এ সময় বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁরা শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসানকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে দপ্তরের এমএলএসএস আলমগীর হোসেনকেও পেটান। পুলিশ ওই কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ ভবানীগঞ্জ বাজার থেকে সন্ধ্যা সাতটার দিকে মতিউর রহমানকে আটক করে। বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ গতকাল রাতে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।