শিক্ষা কর্মকর্তাকে পেটানোর ঘটনায় মামলা
রাজশাহীর বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পেটানোর অভিযোগে আটক আওয়ামী লীগের নেতা মতিউর রহমানকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়েছে। গতকাল তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার সকালে উপজেলার একডালায় শিক্ষার্থীরা মৌন মিছিল করেছে। গত শুক্রবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বাদী হয়ে মামলাটি করেন। ওই দিন আটক মতিউর রহমান, চাকরিপ্রার্থী মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই সাইদুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় গত শুক্রবার সন্ত্রাসীরা ওই শিক্ষা কর্মকর্তার সরকারি বাসায় ঢুকে তাঁকে পিটিয়ে জখম করে।