শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার শিক্ষকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বেলা একটার দিকে শিক্ষকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। সেটি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে বেলা দুইটা পর্যন্ত সমাবেশ করে ওই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বিষয়টি দেখার আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।
ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল একটি অনুষ্ঠানে ওই কর্মকর্তার সঙ্গে শিক্ষকদের ভুল-বোঝাবুঝি হয়। পরে বিষয়টি দেখা হবে বলে শিক্ষকদের আশ্বস্ত করা হয়।
উপজেলা প্রাথমিক কার্যালয় ও শিক্ষক সূত্র জানায়, মো. সিরাজুল হক ২০১৪ সালে মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর থেকে তিনি নানা অনিয়ম ও দুর্নীতি শুরু করেন। শিক্ষকদের সঙ্গে তাঁর সমন্বয় নেই। তিনি কোনো অনুষ্ঠানে কাউকে ডাকেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুর্শিদ মোহাম্মদ আসলাম বলেন, ‘ওই কর্মকর্তা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, শিক্ষা সপ্তাহ, শিক্ষা উপকরণ মেলা, শিক্ষা মেলাসহ নানা বরাদ্দের টাকা লোক দেখানো খরচ করে, বাকিটা আত্মসাৎ করে আসছেন। তাঁর কার্যালয়ে ঘুষ ছাড়া কিছু হয় না। এবার শিক্ষা মেলার জন্য ৩৩ হাজার টাকা বরাদ্দ আসে। তিনি অল্প কিছু খরচ করে বাকিটা আত্মসাৎ করেন। পরে প্রতিটি বিদ্যালয় থেকে ২০০ টাকা করে চাঁদা তুলে মেলার আয়োজন করা হয়। গত সপ্তাহে শিক্ষা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মেয়াদোত্তীর্ণ বিস্কুট দেওয়া হয়। তাঁর নানা অনিয়মে শিক্ষকেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাঁকে দ্রুত প্রত্যাহার করতে হবে। না হলে সব শিক্ষককে নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল উপজেলা পর্যায়ের একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। সেটা নাকি শিক্ষকদের কাছে ছোট অনুষ্ঠান হয়েছে। বড় এবং জমকালো করে না করায় তাঁরা কিছুটা ক্ষুব্ধ হয়েছেন। এ অনুষ্ঠানের বরাদ্দই পাইনি। আত্মসাৎ করব কীভাবে। দুর্নীতির অভিযোগ ভুয়া ও মিথ্যা।’