শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। এ দাবিতে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত রোববার মাসিক সভা বর্জন করেন। শিক্ষকেরা জানান, কিছুদিন আগে দাপ্তরিক কাজে একজন শিক্ষিকা উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খানের কার্যালয়ে যান। কর্মকর্তা ওই শিক্ষিকাকে সন্ধ্যার পর আসতে বলেন। তিনি সন্ধ্যার পরে গেলে ওই কর্মকর্তা তাঁকে কুপ্রস্তাব দেন। তিনি সেখান থেকে চলে আসার পর থেকে মুঠোফোনে তাঁকে নানাভাবে হয়রানি করছেন ওই কর্মকর্তা। গত রোববার প্রধান শিক্ষকদের মাসিক সভায় বিষয়টি জানাজানি হলে তাঁরা সভা বর্জন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিবাদ সভা করেন। পরে ওই কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন এবং তাঁকে দোয়ারাবাজার থেকে প্রত্যাহারের দাবি জানান। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘শুধু যৌন হয়রানি নয়, ওই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর কাছে গেলে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না।’ উপজেলার নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, ‘আমরা ওই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি লিখিতভাবে জানিয়েছি। তাঁকে অবিলম্বে প্রত্যাহার করা না হলে শিক্ষকেরা আন্দোলনে নামবেন।’এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও শফিকুল ইসলাম খানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগের অনুলিপি পেয়ে আমি বিষয়টি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’