শিক্ষা কর্মকর্তাকে শিক্ষকের হুমকি, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক মেহেবুব হাসানকে হুমকি দিয়েছেন আখতারুল ইসলাম বসুনিয়া নামের এক শিক্ষক। গত শুক্রবার বিকেলে মুঠোফোনে এ হুমকি দেওয়ার ঘটনায় ওই শিক্ষা কর্মকর্তা রোববার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে গতকাল সোমবার বিকেলে প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রবকেও বাড়াবাড়ি না করতে মুঠোফোনে শাসালেন ওই শিক্ষকের বড় ভাই উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বসুনিয়া।
সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ১১ নভেম্বর লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুলের এমপিওভুক্তি স্থগিত বা বাতিল চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সুপারিশ করেন জেলা শিক্ষা কর্মকর্তা। সহকারী পরিদর্শক মেহেবুব হাসান ওই বিদ্যালয়ের ক্লাস্টার কর্মকর্তা হওয়ায় আখতারুল তাঁকে হুমকি দিয়েছেন। এমপিও স্থগিতের বিষয়ে ১২ নভেম্বর প্রথম আলোয় ‘তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ অবস্থায় মেহেবুব পেশাগত দায়িত্ব পালন ও সামাজিক দিক থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।
মেহেবুব হাসান বলেন, ‘আখতারুল চার-পাঁচ মাস আগেও আমাকে হুমকি দেন। পরে জেলা শিক্ষা কর্মকর্তার সামনে আমার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তখন জিডি করিনি।’
এ ব্যাপারে জানতে চাইলে গতকাল আখতারুল ইসলাম বসুনিয়া ‘পরে কথা বলব’ বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন। এরপর কয়েকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এর কিছুক্ষণ পরই আখতারুলের ভাই ঠাকুরগাঁও সদর থানার এসআই রেজাউল এই প্রতিনিধিকে ফোন করেন।
এ সময় রেজাউল বলেন, ‘থানায় ডায়েরি হয়েছে তা পুলিশ দেখবে। সাংবাদিক হয়ে ডায়েরি নিয়ে আপনার কিসের প্রশ্ন? আপনি আর এ নিয়ে বাড়াবাড়ি করবেন না।’
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, বিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে তিনি অন্যায়ভাবে ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেছেন। তাঁর বিরুদ্ধে জাল কাগজ দিয়ে প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলে জানানো হবে।