
মাগুরার মহম্মদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সালামের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এ বিষয়ে গত ১৬ মার্চ শিক্ষকেরা জেলা প্রশাসক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম দিনাজপুরের খানসামা উপজেলা থেকে মাগুরার মহম্মদপুরে বদলি হয়ে আসেন। যোগদানের পর থেকেই তিনি বেপরোয়াভাবে ঘুষ-দুর্নীতি শুরু করেন। শিক্ষকদের অভিযোগ, ঘুষ ছাড়া শিক্ষা কর্মকর্তা কোনো কাজ করেন না। নতুন-পুরোনো শিক্ষকদের টাইম স্কেলের বিল, এমনকি দপ্তরিদের বর্ধিত বেতন বিলে স্বাক্ষর করতেও তিনি শিক্ষক-কর্মচারী প্রতি এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ আদায় করেন। ঘুষ না দিলে তিনি টাইম স্কেল অনুমোদন কমিটির সভা ডাকেন না। গত ফেব্রুয়ারি মাসে কমিটি সভা ডাকতে তাঁকে ৬৫ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন শিক্ষকেরা। তিনি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক বদলি করছেন। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের সংস্কারকাজ ও শিক্ষা উপকরণ কেনার সরকারি বরাদ্দের শতকরা ২০ ভাগ টাকা তাঁকে ঘুষ বাবদ দিতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আবদুস সালামের বিরুদ্ধে আনা শিক্ষকদের অভিযোগ তদন্ত করতে ২২ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সিরাজুদ্দোহা সরেজমিনে মহম্মদপুরে যান। তিনি আবদুস সালামের উপস্থিতিতে সেদিন অভিযোগকারী শিক্ষকদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে এই নিয়ে শিক্ষকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে আবদুস সালাম সেখান থেকে চলে যান। পরে তিনি দুই দিনের ছুটি নেন।
শিক্ষা কর্মকর্তা আবদুস সালামের ঘুষ-দুর্নীতির বিচার ও তাঁকে অপসারণের দাবিতে ২৩ মার্চ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপজেলা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে শিক্ষকেরা মৌন মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন হোসেনের দপ্তরে যান। ইউএনও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তখন।
চিত্তবিশ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গাওয়াহীদ হোসেন বলেন, ‘শিক্ষা কর্মকর্তার ঘুষ-বাণিজ্যে আমরা অসহায়। কোন কাজে কত ঘুষ, তা তিনি শিক্ষকদের প্রকাশ্যে বলে দেন। ঘুষ ছাড়া একটি কাজও তিনি করেন না। টাকা না দিলে ফাইল আটকে দেন। পদে পদে হয়রানি করেন। প্রতিবাদ করলে বিদ্যালয় পরিদর্শনের নামে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আবারও ঘুষ আদায় করেন।’
মহম্মদপুর সদরের লাহুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ মাহাবুবর রহমান, কালীপদ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমনীয় কিঙ্কর তেওয়ারীসহ অন্তত ২০ জন প্রধান শিক্ষক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন।
যোগাযোগ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘পুরো বিষয়টি ষড়যন্ত্র। শিক্ষকদের একটি পক্ষের স্বার্থ রক্ষা করতে না পারায় তাঁরা আমার বিরুদ্ধে লেগেছেন।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সিরাজুদ্দোহা বলেন, ঘটনার তদন্ত চলছে। ইউএনও শাহীন হোসেন বলেন, ‘প্রাথমিকের শিক্ষকেরা তাঁদের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। নিয়মানুযায়ী আমি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি।’