শিক্ষা কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিদর্শক মাসুদ আলম চৌধুরীকে (৩৫) পিটিয়ে আহত করার ঘটনায় পুলিশ চিতড্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলামকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে। ওই হামলার ঘটনায় শিক্ষা কর্মকর্তার ছোট ভাইয়ের করা মামলার প্রধান আসামি শহীদুল। ১৮ আগস্ট রাত ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। মাসুদ আলম বর্তমানে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। এখনো তাঁর চেতনা ফেরেনি। এ ব্যাপারে ওই গুরুতর আহত শিক্ষা কর্মকর্তার শ্বশুর ও বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল আমিন মোল্লা প্রথম আলোকে জানান, ওড্ডা গ্রামে ঈদুল ফিতরের জামাতের ইমামতি করা নিয়ে ইউপি সদস্য শহীদুল ইসলামের সঙ্গে মাসুদ আলম চৌধুরীর মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে শহীদুল ১৮ আগস্ট রাত ১১টায় ৮-১০ জন সন্ত্রাসী নিয়ে মাসুদের গ্রামের বাড়িতে যান। ওই সময়ে তাঁরা মাসুদকে গালাগাল করেন। একপর্যায়ে মাসুদ ঘর থেকে বেরিয়ে এলে সন্ত্রাসীরা তাঁর মাথা ও শরীরে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় দ্রুত তাঁকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ১৯ আগস্ট সকালে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর এখনো তাঁর চেতনা ফেরেনি। চিকিৎসকেরা জানিয়েছেন, মাসুদ আলম চৌধুরীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। এদিকে মাসুদের ওপর হামলার ঘটনায় তাঁর ছোট ভাই মশিউর রহমান শনিবার বরুড়া থানায় একটি মামলা করেন। মামলায় ইউপি সদস্য শহীদুল ইসলামকে প্রধান আসামি করা হয়। পুলিশ শনিবারই শহীদুলকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।জানতে চাইলে চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এলাকায় মাসুদের সুনাম রয়েছে। বিভিন্ন ছুটিতে বাড়িতে এলে তিনি গ্রামের মানুষের কল্যাণের জন্য কাজ করেন। সম্প্রতি এক নারীর সালিসকে কেন্দ্র করে শহীদুল ইসলাম তাঁর ওপর ক্ষিপ্ত হন। একই সঙ্গে ঈদের জামাতের ইমাম নির্ধারণ নিয়েও মাসুদের সঙ্গে শহীদুলের মতবিরোধ হয়। ওই কারণে মাসুদের ওপর হামলা হয়েছে।’ ঘটনার পর এবং গ্রেপ্তারের আগে চিতড্ডা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।