শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া দপ্তরি-কাম নৈশপ্রহরীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন দপ্তরি-কাম নৈশপ্রহরী তাঁদের বকেয়া বেতন-ভাতার খোঁজ নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আসেন। এ সময় কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে না পেয়ে তাঁরা ওই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
ভুক্তভোগীদের দাবি, নিয়োগ-প্রক্রিয়ার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত বছরের ৭ ও ৯ এপ্রিল তাঁরা বিদ্যালয়ের দপ্তরি-কাম নৈশপ্রহরী পদে যোগ দেন। কিন্তু প্রায় এক বছর পার হয়ে গেলেও তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন না। কবে তাঁরা বেতন-ভাতা পাবেন, সেটাও কোনো কর্মকর্তা ঠিকভাবে বলছেন না। পরিবার-পরিজন নিয়ে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
এ বিষয়ে দুজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হাইকোর্টে তাঁদের নিয়োগ-সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা চলছে। মামলাটি নিষ্পত্তি হলেই তাঁরা বেতন-ভাতা পাবেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান বলেন, ‘নলকা ইউনিয়নের পূর্ব মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের কারণে আজ (গতকাল বৃহস্পতিবার) কার্যালয়ে আসতে পারিনি। তাঁদের নিয়োগ বিধিসম্মত হলেও উচ্চ আদালতে মামলা হওয়ায় বেতন-ভাতা না দেওয়ার নির্দেশ আছে।’
বেলা আড়াইটার দিকে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া দপ্তরি-কাম নৈশপ্রহরীরা কর্মসূচি স্থগিত করে চলে যান। তাঁরা বলেন, আগামী রোববার আবারও একই ধরনের কর্মসূচি পালন করা হবে।