শিক্ষা কর্মকর্তার দপ্তরে গাইড বই বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকে নিষিদ্ধ গাইড বই বিক্রির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
আটঘরিয়ার ইউএনও আলীমুন রাজীব বলেন, ‘বৃহস্পতিবার অফিস সময় শেষে আমি বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিকভাবে আগামী সোমবারের মধ্যে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল শুক্রবার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আলীর সঙ্গে যোগাযোগ করার জন্য তাঁর মুঠোফোনে তিন-চারবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আলী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ গাইড বই বিক্রির ব্যবসা করে আসছেন। তিনি বিভিন্ন গাইড বই প্রকাশনীর প্রতিনিধি হিসেবে শিক্ষকদের কাছে বইগুলো বিক্রি করেন। সম্প্রতি সমুদ্র প্রকাশনী নামের একটি প্রতিষ্ঠান থেকে ‘এপিক স্পেশাল’ সাজেশন নামে পঞ্চম শ্রেণির একটি গাইড বই নিজের দপ্তরে রেখে বিক্রি শুরু করেন। বিভিন্ন শিক্ষকদের বইগুলো বাধ্যতামূলক কিনতে বলায় অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিষয়টি জানাজানি হয়ে যায়।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ‘নোটবই বিক্রির বিষয়টি দুঃখজনক। বিষয়টি জেনে আমরা হতবাক হয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’