শিক্ষা কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।১৩ এপ্রিল স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জনপ্রতি ৫০ হাজার থেকে এক লাখ টাকা উৎকোচ নিয়েছেন। শিক্ষক-কর্মচারীদের বিল বন্ধ করে উৎকোচ গ্রহণের পর আবার তা দিচ্ছেন। ওই কর্মকর্তা জামায়াতপন্থী হওয়ার কারণে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গেও তাঁর গোপন যোগসাজশ রয়েছে। তিনি ছাত্রজীবনে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল থেকে জিএসপ্রার্থী ছিলেন। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অথবা তাঁকে অন্য জেলায় বদলির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, ‘ওই শিক্ষা কর্মকর্তাকে কেন্দ্র করে জেলায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে আমরা তার কোনো দায়দায়িত্ব গ্রহণ করব না।’জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে আছি। স্থানীয় বত্রিশ হাজারী স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে কোনো কোনো মহলের সঙ্গে আমার দ্বিমত হওয়ায় আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হচ্ছে।’জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে।