দেশে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে আড়াই হাজারের মতো উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। এ হিসেবে বিদ্যালয় পরিদর্শনের ক্ষেত্রে একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে প্রতি মাসে গড়ে ২০টির বেশি বিদ্যালয় পরিদর্শন করতে হবে। আর এটা অসম্ভব বলে এ নিয়ে প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
কমিটির বৈঠকে প্রশ্ন তোলা হয়েছে, বর্তমানে ৯৬টি উপজেলায় শিক্ষা কর্মকর্তার পদ শূন্য। বিদ্যমান ২ হাজার ৫৮৯টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার পদ দিয়ে কীভাবে ৬৫ হাজার বিদ্যালয়ের তদারকি ও শিক্ষার মান বাড়ানো সম্ভব? একজন সহকারী শিক্ষা কর্মকর্তার পক্ষে কীভাবে সম্ভব প্রতি মাসে গড়ে ২০টির বেশি বিদ্যালয় পরিদর্শন করা?
আজ মঙ্গলবার সংসদ ভবনের পরিবর্তে রাজধানীর তেজগাঁওয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসে কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ৩৭ হাজার বিদ্যালয় চালানোর জন্য যে জনবল ছিল, তা দিয়ে এখনো চলছে। বর্তমানে বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার। এই বিবেচনায় ৩ হাজার ২০২ জন উপজেলা শিক্ষা ও সহকারী শিক্ষা কর্মকর্তা প্রয়োজন। কিন্তু বর্তমানে এ জাতীয় পদের সংখ্যা ২ হাজার ৫৮৯টি।
বৈঠক শেষে কমিটি সদস্য মোহাম্মদ ইলিয়াছ সাংবাদিকদের বলেন, প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের বিকল্প নেই। অথচ পরিদর্শনের জন্য প্রয়োজনীয় জনবল নেই। এই পরিমাণ জনবল দিয়ে শিক্ষার মান নিশ্চিত করার সম্ভব নয়। সে জন্য কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, নজরুল ইসলাম বাবু, মোহাম্মদ ইলিয়াছ ও উম্মে রাজিয়া অংশ নেন।