শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষকদের আবেদন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। গত বুধবার কাজীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শতাধিক শিক্ষক লিখিতভাবে এই অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার নানা অজুহাতে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেন। কোনো শিক্ষক প্রতিবাদ করলে তাঁকে হয়রানি করা হয়।
গত ২৩ আগস্ট ছালাভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্লাস্টার প্রশিক্ষণ চলাকালে একটি তথ্য ফরম পূরণ না করাকে কেন্দ্র করে তিনি শিক্ষকদের সঙ্গে অত্যন্ত আপত্তিকর আচরণ করেন। একপর্যায়ে তিনি শিক্ষকদের অশ্লীল ভাষায় গালাগাল করেন। শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদে করেন। পরে গতকাল উপজেলার শতাধিক শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে বিনয় কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে লিখিত অভিযোগপত্র দেন।
এ বিষয়ে বিনয় কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল হয়রানির উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ তুলছে।
কাজীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ময়নুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার শতাধিক শিক্ষক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।